ফ্ল্যাট কিংবা প্লট কেনাবেচা ও নিবন্ধনের ক্ষেত্রে আয়কর ও ভ্যাট প্রদানের নানা ধরনের জটিলতা রয়েছে বলে জানিয়েছেন আবাসন খাতের উদ্যোক্তারা। তাঁরা দেশের আবাসন খাতের বিকাশের স্বার্থে আয়কর ও ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজ করার এবং নিবন্ধন ব্যয় কমানোর প্রস্তাব করেছেন।অন্যদিকে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার আবাসন খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চলতি অর্থবছরের জাতীয় বাজেটে নানা সুযোগ-সুবিধা দিয়েছে। তার পরও আয়কর ও ভ্যাটসংক্রান্ত কোনো ধরনের জটিলতা থাকলে সরকার তা সহজ করবে। তিনি আবাসন খাতের উদ্যোক্তাদের কোথায় কোথায় জটিলতা রয়েছে তা লিখিতভাবে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে দেওয়ার পরামর্শ দেন।গতকাল সোমবার ঢাকা শেরাটন হোটেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে গৃহায়ণ শিল্পের অবদান’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সেমিনারে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি তানভীরুল হক প্রবাল। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিহ্যাবের সহসভাপতি আবদুর রহমান খান। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুহাম্মদ জাহাঙ্গীর।নির্ধারিত আলোচক হিসেবে ছিলেন রিয়েল এস্টেট খাতের ব্যবসায়ী কাজী আনিসউদ্দিন ইকবাল ও ট্রপিক্যাল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব সপ্তাহ উদ্যাপন কমিটির সদস্য মো. শহীদুর রহমান লাল।মুস্তফা কামাল বলেন, প্রতিবেশী দেশগুলো আয়কর, ভ্যাট, কর অবকাশ সুবিধা কীভাবে দিয়ে থাকে তা দেখেই চলতি অর্থবছরের জাতীয় বাজেটে দেশের আবাসন খাতে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে ক্রিকেট খেলাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তেমনি আবাসন খাতের উদ্যোক্তা হিসেবে রিহ্যাবের উচিত ঢাকার বাইরে পরিকল্পিত আবাসন গড়ে তোলা।’ ঢাকার বাইরে আবাসন প্রকল্প স্থাপন করলে সরকার নানা সুযোগ-সুবিধা দেবে বলে তিনি জানান।দুই বছর ধরে ভবনের নকশা অনুমোদন হচ্ছে না—ব্যবসায়ীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তফা কামাল বলেন, ‘আপনারা নকশা জমা দেওয়ার পর তদবির করতে যাবেন না। তাহলে দেখবেন নির্ধারিত সময়ের মধ্যে দিতে বাধ্য থাকবে। কারণ নকশা জমা দেওয়ার পর ব্যবসায়ীরাই তাড়াতাড়ি বের করার জন্য তদবির করেন।’ তবে নকশা অনুমোদনের জন্য একটা অভিন্ন নীতিমালা থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।মুস্তফা কামাল আরও বলেন, আবাসন খাতের ব্যবসায় লোকসান হচ্ছে—এমন দাবি কেউ করতে পারবেন না। আবাসন খাত থেকে প্রচুর রাজস্ব আয় না হলেও বহুমাত্রিক প্রভাব থাকায় সরকার এই খাতের উন্নয়নে আগ্রহী। তানভীরুল হক প্রবাল রিহ্যাব আয়োজিত মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে নীতিমালা মেনে চলার আহ্বান জানান।কাজী আনিসউদ্দিন ইকবাল বলেন, সরকার সুযোগ-সুবিধা বাড়ালে ডেভেলপাররা অবশ্যই ঢাকার বাইরে যাবেন। এর আগে অবশ্যই ঢাকার বাইরে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে এবং নিরাপত্তা দিতে হবে। রিহ্যাব মেলা: আজ মঙ্গলবার থেকে ঢাকা শেরাটন হোটেলে শুরু হচ্ছে জমি ও ফ্ল্যাটের মেলা। ‘রিহ্যাব ফেয়ার-২০০৯’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।আয়োজকেরা জানিয়েছেন, এবারের মেলায় মোট ২৬৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ২৬২টি জমি উন্নয়ন ও বাড়ি নির্মাতা এবং ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।মেলায় প্রতিবার প্রবেশের ক্ষেত্রে টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। আর পাঁচ দিনের টিকিটের মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। উদ্বোধনী দিন দুপুর দুইটা থেকে রাত আটটা এবং অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য মেলা খোলা থাকবে। অন্যান্যবারের মতো এবারও প্রবেশ টিকিট বিক্রির মাধ্যমে পাওয়া অর্থের সবটাই দুস্থদের সাহায্যার্থে দান করবে রিহ্যাব।