কর জরিপে কাঙ্ক্ষিত সাফল্য নেই
কর জরিপ কার্যক্রমে গত এক বছরে কাঙ্ক্ষিত সাফল্য নেই। বিগত এক বছরে জরিপ করে মাত্র ৫৭ হাজার ৫৬৪ জন নতুন করদাতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে এসব ব্যক্তিকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়েছে এনবিআর।
আর করযোগ্য, কিন্তু এখনো টিআইএন নেননি এমন এক লাখ ৪৩ হাজার ৪০৮ ব্যক্তিকে শনাক্ত করেছে এনবিআর। পর্যায়ক্রমে তাঁদের টিআইএন নেওয়ার জন্য নোটিশ জারি করা হবে বলে জানা গেছে।
এই হলো এনবিআরের কর জরিপের সর্বশেষ চিত্র। ২০১২ সালের ১৮ ডিসেম্বর তৃতীয়বারের মতো কর জরিপের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গত নভেম্বর পর্যন্ত সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
এই জরিপ কার্যক্রমের মধ্যে দুই লাখ ৫৭ হাজার নতুন করদাতা চিহ্নিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই জরিপের মেয়াদ শেষ কবে হবে, তা চূড়ান্ত করা হয়নি।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতায় জরিপ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। মাত্র ঢাকা-১ ও খুলনা এই দুটি কর অঞ্চল নতুন করদাতা শনাক্তকরণের লক্ষ্য অর্জন করেছে।
এনবিআর সূত্রে আরও জানা গেছে, ব্যবসায়ী ও দোকানদার হিসেবে এক লাখ ৮৮৪ জন পাওয়া গেছেন, যাঁরা করযোগ্য। তাঁরা প্রতিবছর যে পরিমাণ আয় করেন, তাতে কর দেওয়া বাধ্যতামূলক। তাঁদের মধ্যে ৪২ হাজার ৮৫৩ জন টিআইএন নিয়েছেন।
আর বাড়ি ও গৃহসম্পত্তি থেকে আয় করযোগ্য এমন ব্যক্তি পাওয়া গেছে ৩৬ হাজার ৫১২ জন। তাঁদের মধ্যে ১২ হাজার ৩২০ জন টিআইএন নিয়েছেন। এ ছাড়া অন্যান্য খাত থেকে করযোগ্য ছয় হাজার ১২ ব্যক্তির মধ্যে দুই হাজার ৩৮৮ জন টিআইএন নিয়েছেন।
টিআইএন দেওয়ার পর সংশ্লিষ্ট করদাতার কাছ থেকে বার্ষিক আয়কর বিবরণীও জমা নেওয়া হয়।
এ জন্য ন্যূনতম কর দিতে হয়। সেই হিসাবে এনবিআর জরিপের মাধ্যমে ১৭৭ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব পেয়েছে।
জরিপের লক্ষ্য অর্জিত হয়েছে ঢাকা-১ কর অঞ্চলে। এই কর অঞ্চলে নয় হাজার নতুন করদাতা চিহ্নিত করার লক্ষ্য ছিল। কিন্তু গত এক বছরে ১৩ হাজার ৫৮৮ জন করদাতাকে চিহ্নিত করা হয়েছে। আর খুলনা কর অঞ্চলে আট হাজারের বিপরীতে ২৫ হাজার ৯৪৪ জন করদাতা চিহ্নিত করা হয়েছে।
করভিত্তি সম্প্রসারণের লক্ষ্যে নতুন করদাতা শনাক্ত করার জন্য এর আগে ২০০৩ ও ২০০৭ সালে দুবার এ ধরনের বিশেষ জরিপ চালানো হয়েছিল।
এনবিআরের কর্মকর্তারা জানান, চলতি কর জরিপে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুরসহ সারা দেশেই নতুন করদাতা চিহ্নিত করার কাজ চলছে।
অভিজাত এলাকাগুলোর বিভিন্ন শপিং মলের ব্যবসাপ্রতিষ্ঠানে সরেজমিনে জরিপ চালানো হচ্ছে। স্থানীয় সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করছে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়েও এই জরিপ চালানো হচ্ছে। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো জরিপের আওতায় এসেছে।