কর দেওয়ার মৌসুম এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বর মাস শুরু হয়েছে গত মঙ্গলবার। সেই সঙ্গে শুরু হলো আয়কর বিবরণী জমা দেওয়ার মৌসুম। প্রতিবছর সেপ্টেম্বর মাস এলেই আয়কর বিবরণী প্রস্তুত করার হিড়িক পড়ে কর শনাক্তকারী নম্বরধারীদের (টিআইএন)।
যদিও আয়কর অধ্যাদেশ অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কর বিবরণী জমা দেওয়া যায়। কিন্তু প্রথম দুই মাসে আয়কর এ নিয়ে করদাতাদের মধ্যে তেমন একটা উৎসাহ দেখা যায় না। এনবিআর সূত্রে জানা গেছে, মধ্য আগস্ট পর্যন্ত দুই লাখ করদাতাও কর বিবরণী জমা দেননি।
এদিকে প্রতিবছর সেপ্টেম্বর মাস এলেই করদাতাদের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৎপরতাও বেড়ে যায়। আয়কর দিবস, আয়কর মেলা আয়োজন, শীর্ষ করদাতাদের সম্মাননা প্রদান প্রভৃতি কার্যক্রমের আয়োজন শুরু করে সরকারি সংস্থাটি। সে অনুযায়ী অন্যান্যবারের মতো এবারও আগামী ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস পালন করবে এনবিআর। একই সঙ্গে দেশের সব জেলায় অনুষ্ঠিত হবে আয়কর মেলা।
তবে এবারে করদাতাদের কর বিবরণী জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সর্বজনীন স্ব-নির্ধারণী পদ্ধতিতে করদাতারা বিবরণী জমা দিলেও তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রাপ্তি সনদ দেবেন কর কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, কর বিবরণী জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এ সনদ দেওয়া হচ্ছে না। হিসাব-নিকাশ করে পরে করদাতাদের প্রাপ্তি সনদ দেওয়া হবে বলে জানিয়ে দিচ্ছেন অনেক কর কর্মকর্তা। এতে হয়রানির মুখে পড়ছেন করদাতারা।