কর দেওয়াকে সামাজিক অভ্যাসে পরিণত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর দেওয়াকে সামাজিক অভ্যাসে পরিণত করার ওপর জোর দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কর ফাঁকি। সচেতনতার অভাব ও ব্যক্তিস্বার্থের কারণে কর ফাঁকি দিচ্ছেন কেউ কেউ। তবে বড় কারণ হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি। আমরা কর দেওয়াটাকে অস্বাভাবিক, আর কর না দেওয়াটাকে স্বাভাবিক মনে করি। সে জন্য কর না দেওয়ায় কোনো অপরাধবোধ হচ্ছে না।’ তিনি আরও বলেন, প্রচার-প্রচারণা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে কর দেওয়াকে সামাজিক অভ্যাসে পরিণত করতে হবে।

রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে (এনবিআর) আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রাক্‌-বাজেট আলোচনায় আজ মঙ্গলবার অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। আজকের সভায় অর্থনীতিবিদ ও পেশাজীবী একাধিক সংগঠনের কর্মকর্তারা বাজেট বিষয়ে তাঁদের মতামত দেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘কর দেওয়া ও ব্যাংকঋণের বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হয়। এটি আইনি বিষয়। তবে আমি মনে করি, বাজারের মধ্যে কারা মূল্য সংযোজন কর (ভ্যাট) দিচ্ছে, কারা দিচ্ছে না, সেটির একটি তালিকা টাঙানো যায়। অথবা প্রকাশ্যে পুরস্কার দেওয়া যেতে পারে। এতে মনস্তাত্ত্বিক চাপ বাড়বে। যাঁরা ভ্যাটের আওতায় পড়েন, কিন্তু দেন না, তাঁরাও তখন উদ্বুদ্ধ হবেন। একই সঙ্গে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।’

১ জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়ন শুরু হচ্ছে। এ বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ভ্যাট আইন যত সুন্দর হোক না কেন, যথাযথভাবে বাস্তবায়ন না হলে কোনো লাভ নেই।