কর না কমলে দেশে মুঠোফোন তৈরি হবে না

সম্পূর্ণ তৈরি একটি মুঠোফোন দেশে আমদানি করতে এখন ২২ শতাংশ হারে কর ও শুল্ক দিতে হয়। অন্যদিকে, মুঠোফোন উৎপাদনে বিভিন্ন যন্ত্রাংশ এনে সংযোজন শিল্প স্থাপনে শুল্ক ও করের পরিমাণ গড়ে ৩৭ শতাংশ। অর্থাৎ, দেশে উৎপাদন বা সংযোজনের চেয়ে সরাসরি আমদানি করে মুঠোফোন বিক্রি করাই বেশি লাভজনক। কর হারের এ বৈষম্য না কমলে দেশে কখনোই মুঠোফোন উৎপাদন শিল্প গড়ে উঠবে না।
এমন মতামত উঠে এসেছে টেলিযোগাযোগ প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের (টিআরএনবি) ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেটের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে। রাজধানীর একটি হোটেলে আজ শনিবার আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, সবার হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এ খাতের বিদ্যমান কর-কাঠামো প্রতিবন্ধকতা তৈরি করছে। বিদ্যমান কর-কাঠামো পুনর্বিবেচনা করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘মোবাইলফোন আনতে ২২ শতাংশ কর দিতে হয় আর তৈরি করার জন্য যন্ত্রপাতি আনলে খরচ হয় ৩৭ শতাংশের বেশি। যাঁরা মুঠোফোন আমদানি করেন, তাঁরা দ্রুত এ বিষয়ে আবেদন করেন, যেখানে যা প্রয়োজন আমরা করব।’
মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইলফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) সভাপতি রুহুল আলম আল মাহবুব বলেন, একটি ব্যবসাবান্ধব নীতিমালা দরকার। কারখানা হবে এই বলে হ্যান্ডসেটে দুই বছর আগে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ কর আরোপ করা হলেও তা হয়নি। হ্যান্ডসেট তৈরির জন্য কর-কাঠামো ৫ শতাংশ কর করা হলে আগামী তিন বছরে আমদানিনির্ভর দেশ থেকে বের হয়ে আসা সম্ভব।
বিএমপিআইএ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বলেন, বর্তমানে দেড় কোটি হাতে স্মার্টফোন রয়েছে। দেড় কোটি স্মার্টফোন হওয়ায় যে অগ্রগতি হয়েছে, তা যদি সবার হাতে তুলে দেওয়া যায়, তাহলে সাত থেকে আট কোটি স্মার্টফোনের একটি বিশাল বাজার হবে। এ জন্য একটি মহাপরিকল্পনা করা দরকার।
সেমিনারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান, ঢাকা কাস্টম হাউস কমিশনার লুৎফর রহমান, বিটিআরসি মহাপরিচালক নাসিম পারভেজ, মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের প্রতিনিধি ও গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু সাঈদ খান সেমিনারে বক্তব্য দেন। বিটিআরসি সচিব সরওয়ার আলমসহ এই খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।