চট্টগ্রামের ৪০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে (এসএমই) কর ও মূসক বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (সিডব্লিউসিসিআই) অনুষ্ঠিত তিন দিনের এই প্রশিক্ষণ শুরু হয় ১২ মার্চ।এসএমই ফাউন্ডেশন থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য কর ও মূসক সম্পর্কে জানাতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশন এ বছর দেশের চারটি বিভাগীয় শহরে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।প্রশিক্ষণে করসংক্রান্ত আইনকানুন সম্পর্কে উদ্যোক্তাদের ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল-১-এর কমিশনার (ট্যাক্স) হাবিবুর রহমান আকন্দ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।