কর পরিশোধে ব্যবসায়ীদের হয়রানি করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, আয়কর প্রদানের ক্ষেত্রে দেশের কোনো ব্যবসায়ীকে অযথা হয়রানি করা হবে না। কারণ করদাতা-বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে রাজস্ব বোর্ড নতুন আয়করের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে গতকাল রোববার বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে দিনব্যাপী এক স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান এ কথা বলেন। তিনি আরও বলেন, কর প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে ব্যবসায়ীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সদস্য শম্ভু নাথ, ঢাকা কর অঞ্চল-১-এর কমিশনার এম এ কাদের, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা এবং বাংলাদেশ এমএস রড অ্যান্ড স্টিল মিল মালিক সমিতির সভাপতি খবির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন খোকন।সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই স্থানে বিভিন্ন বুথে স্বপ্রণোদিত করদাতাদের কাছ থেকে স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আয়কর গ্রহণ করা হয়। শম্ভু নাথ দাস বলেন, আয়করের আওতা সম্প্রসারণে স্পট অ্যাসেসমেন্টের কোনো বিকল্প নেই। রাজস্ব বোর্ড বর্তমানে ২১ হাজার কোটি টাকার আয়কর আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য আয়কর প্রদানের বিষয়টিও সহজতর করা হচ্ছে। তিনি জানান, দেশে ২৮ লাখ করদাতা রয়েছেন। আরও পাঁচ লাখ নতুন করদাতা নিবন্ধনে রাজস্ব বোর্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।