কর ফাঁকির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল সিপিডির প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য দেন লুকা কাটসেলি l প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল সিপিডির প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য দেন লুকা কাটসেলি l প্রথম আলো

বিশ্বমন্দা থেকে উত্তরণে কর ফাঁকি এবং করের স্বর্গরাজ্য গড়ে তোলার বিরুদ্ধে পুরো বিশ্বকে সম্মিলিতভাবে যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন গ্রিসের সাবেক মন্ত্রী লুকা টি কাটসেলি।
এ বছরের এক গবেষণা অনুযায়ী, করের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গের ব্যাংকগুলোতে বিভিন্ন দেশের মানুষের প্রায় সাত লাখ ৬০ হাজার কোটি ডলার জমা রয়েছে। এটা বিশ্বের মোট ব্যক্তিগত আর্থিক সম্পদের ৮ শতাংশ। অবৈধভাবে লুকিয়ে রাখা এই অর্থ যথাযথভাবে করের আওতায় আনা হলে প্রতিবছর বিশ্বব্যাপী কর আদায়ের পরিমাণ ২০ হাজার কোটি ডলার করে বাড়বে।
এ গবেষণার উদ্ধৃতি দিয়ে কাটসেলি বলেন, ‘মন্দা চলাকালে আর্থিক খাতের চাহিদা ও সীমাবদ্ধতা অনুযায়ী একটি দেশকে তার নিজস্ব পদ্ধতিতেই পদক্ষেপ নিতে হয়। তবে এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান-প্রদান করা, করের স্বর্গরাজ্য বিলুপ্ত করা, ব্যাংকের লুকোচুরি ও ট্রান্সফার প্রাইসিংয়ের বিরুদ্ধে কঠোর হওয়ার বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে এবং সহযোগিতা বাড়াতে হবে। বাংলাদেশকেও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।’
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা-২০১৪-এর প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন লুকা কাটসেলি। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার এটি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বাংলাদেশিদের মধ্যেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা রাখার প্রবণতা রয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৩’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অন্তত ৩৭ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ গচ্ছিত রয়েছে, যা প্রায় ৪১ কোটি ৪০ লাখ ডলার বা তিন হাজার ১৬২ কোটি ৩৭ লাখ টাকা।
কাটসেলি দুই দফায় গ্রিসের শ্রম ও সামাজিক নিরাপত্তা এবং অর্থনীতি, সক্ষমতা ও নৌপরিবহনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, কোনো একটি দেশের আর্থিক খাতের কারসাজিকারীদের সম্মিলিত অপচেষ্টা ওই দেশের সরকারের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। তাঁর মতে, ‘মন্দাবস্থা কাটাতে গ্রিস আন্তর্জাতিক বাজারে বন্ড ছেড়েছিল। কিন্তু গ্রিক বন্ডের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়েছে কারসাজিকারীরা। আবার ফিচ, মুডিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের মতো সংস্থা ওই বন্ডের রেটিং কমিয়ে দেখায়। এর মধ্য দিয়ে একদিকে গ্রিস সরকারের কোমর ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে তা ইউরো অঞ্চলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।’
যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা পূর্ব এশিয়ার দেশগুলোতে চলমান মন্দাবস্থা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করেন লুকা কাটসেলি। তাঁর মতে, বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক ও বিনিয়োগসংক্রান্ত কার্যক্রমকে আলাদা করা না হলে এবং কারসাজির অপচেষ্টা ও মুদ্রার অবমূল্যায়নের মতো বিষয়গুলো দূর করার জন্য একটি সমন্বিত কিংবা পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষ না করা হলে এই মন্দাবস্থা অব্যাহত থাকতে পারে।
তবে এর একটি সমাধানও বাতলে দিয়েছেন গ্রিসের ন্যাশনাল অ্যান্ড কাপোডিডিস্ট্রিয়ান ইউনিভার্সিটি অব এথেন্সের অর্থনীতির এই অধ্যাপক। তিনি বলেন, জাতিসংঘের উন্নয়ন নীতিমালাবিষয়ক কমিটি ১৯৯৮ সালে একটি বিশ্ব আর্থিক সংস্থা (ডব্লিউএফও) গঠনের প্রস্তাব করেছিল। সেটা এখনো হয়নি। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে জাতিসংঘ কিংবা জি-২০-এর আওতায় ‘গ্লোবাল কাউন্সিল অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফাইন্যান্স’ নামে একটি সংস্থা গড়ে তোলা যেতে পারে।
মন্দা থেকে উত্তরণে গ্রিস সরকারের নেওয়া ব্যয় সংকোচন নীতির নেতিবাচক প্রভাবও তুলে ধরেন কাটসেলি। তিনি জানান, গ্রিসের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০০৭ সালের তুলনায় ২৫ শতাংশ কমে গেছে। দেশটির ২৬ শতাংশ মানুষ এখন বেকার। সরকারের ঋণের বোঝাও বেড়েছে। ব্যয় সংকোচনের কারণে চাকরিজীবীদের অনেক প্রণোদনা বাতিল করা হয়েছে। ফলে তাদের উৎপাদনশীলতাও কমে গেছে। তাঁর মতে, একদিকে ব্যয় কমানো এবং অন্যদিকে কর বাড়ানোর পদক্ষেপ ইউরোপের অর্থনীতিকে মন্দাকালীন সময়ের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গেছে। এর মধ্য দিয়ে দেশগুলো ‘ব্যয় সংকোচনের ফাঁদ’-এ পড়েছে।
বাংলাদেশের জন্যও পরামর্শ দিয়েছেন গ্রিসের সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, পোশাক খাতের বাইরে গিয়ে বাংলাদেশকে তার অর্থনীতির বৈচিত্র্য বাড়াতে হবে। কার্যকর শিল্পনীতি, সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করার দিকে জোর দিতে হবে।
এক প্রশ্নের জবাবে কাটসেলি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দাবি আদায়ে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে এবং নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।
আরেক প্রশ্নের জবাবে সরকার অনেক ক্ষেত্রে অন্যের হাতের মুঠোয় চলে যায় বলে মন্তব্য করেন কাটসেলি। তিনি বলেন, ‘ইউরোপের বড় কয়েকটি কোম্পানি সব ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকে। এমনকি খেলাও তাদের নিয়ন্ত্রণে থাকে। তারা অনেক প্রভাবশালী হয়।’ এর আগে বক্তৃতায় তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ভয় দেখানো কিংবা চাপে ফেলে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, মন্দাবস্থা কাটাতে গ্রিস সরকার ২২ হাজার কোটি ইউরো ঋণ নেয়। কিন্তু এত বিশাল ঋণ নিয়েও তা দেশের অর্থনীতি পুনর্গঠন কিংবা ২৬ শতাংশ বেকারের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় করেনি। এটা মানবতার বিরুদ্ধে একধরনের যুদ্ধ।
অনুষ্ঠানে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।