কর ফেরতের ব্যবস্থা সহজ করা হচ্ছে
কর দায়ের অতিরিক্ত কর আদায় করা হলে পরবর্তী সময়ে করদাতাকে অতিরিক্ত কর ফেরত দেওয়ার ব্যবস্থা সহজ করার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই ঘোষণা দেন। এর ফলে এখন থেকে কোনো করদাতা যদি তাঁর কর দায়ের অতিরিক্ত অর্থ সরকারের কোষাগারে জমা দেন, তাহলে পরবর্তী সময়ে অতিরিক্ত প্রদেয় কর ফেরত পাবেন।অর্থমন্ত্রী বলেছেন, কোনো করদাতা তাঁর কর দায়ের অতিরিক্ত কর প্রদান করলে তা ফেরত পাওয়ার উদাহরণ নেই বললেই চলে। এ অবস্থা নিরসনে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। এর ফলে কোনো করদাতা কর দায়ের অতিরিক্ত কর প্রদান করলে পরবর্তী সময়ে অতিরিক্ত কর যেন ঘরে বসে ফেরত পান, সে লক্ষ্যে সরকার ব্যবস্থা নিয়েছে। অচিরেই করদাতারা এর সুফল পাবেন।এর বাইরে কর প্রশাসন পুনর্বিন্যাস ও আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, করদাতাদের সুবিধার্থে কর প্রশাসনকে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সে সঙ্গে আগামী বছর দেশের অধিকাংশ কর অঞ্চলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।