কর ব্যবস্থাপনায় এনবিআরের নতুন কর্মসূচি
কর সহজীকরণ ও আধুনিকায়ন নামে একটি কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেবার মানের উন্নয়ন, রাজস্ব আদায় ব্যবস্থাপনার প্রয়োজনীয় সংস্কার এবং সমন্বিত কর প্রতিপালনের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টিই হবে এ কর্মসূচির উদ্দেশ্য।ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় এনবিআর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। আইএফসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, সময় অনেক পরিবর্তিত হয়েছে। রাজস্ব বোর্ডের কাজ এখন শুধু রাজস্ব আদায় ও আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন স্থানীয় শিল্পে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের প্রসার ও তার নিশ্চয়তা রক্ষায়ও কাজ করতে হয়।এনবিআরের চেয়ারম্যান বলেন, বর্তমান কর্মসূচির আওতায় রাজস্ব বোর্ডের নীতি ও প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার করা হবে। এর মাধ্যমে পুরো রাজস্ব ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। চুক্তি সই অনুষ্ঠানে আইএফসির এ অঞ্চলের কর্মকর্তা পারমিটা দাশ গুপ্ত, কর্মসূচির ব্যবস্থাপক মাশরুর রিয়াজ প্রমুখ বক্তব্য দেন।