কর মানদণ্ডে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে
করবান্ধব পরিবেশ বিবেচনায় দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। কার্যকর কর আদায়-ব্যবস্থা ও প্রশাসনের স্বচ্ছতা মিলিয়ে এই মানদণ্ড ধরা হয়েছে।‘গুড গভর্নেন্স ফর ইন্টারন্যাশনাল বিজনেস : এশিয়া প্যাসিফিক ২০১১’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সিঙ্গাপুরভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ভ্রেইনস অ্যান্ড পার্টনার্স পিটিই লিমিটেড এই প্রতিবেদন প্রকাশ করেছে।সম্প্রতি প্রতিবেদনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশের ছয়টি সূচক বা মানদণ্ডের ওপর গবেষণা পরিচালিত হয়। এগুলো হলো: আইনের শাসন, আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার সুযোগ, রাজনৈতিক স্থিতিশীলতা, কর, দুর্নীতি এবং আর্থিক ও মুদ্রাব্যবস্থাপনা।এসব মানদণ্ডে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান ১৯টি দেশের মধ্যে ১৮তম। বাংলাদেশের প্রাপ্ত পয়েন্ট হলো ৩৭ দশমিক ৩। আর ৯০ দশমিক ২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।কর মানদণ্ডে বাংলাদেশের অবস্থান সামগ্রিকভাবে ১২তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ভারতের অবস্থান সপ্তদশ ও শ্রীলংকা অষ্টাদশ। কর সংক্রান্ত মানদন্ডে কিছুটা এগিয়ে থাকলেও অন্য মানদণ্ডগুলোয় বাংলাদেশের অবস্থান তলানির দিকে যেটি কিনা সামগ্রিক মানদন্ডে প্রতিফলিত হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ আইনের শাসন, দুর্নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা—এই তিনটি মানদণ্ডে অষ্টাদশ স্থানে রয়েছে। আবার আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার মানদণ্ডে সপ্তদশ এবং আর্থিক ও মুদ্রানীতি ব্যবস্থাপনায় ষোড়শ অবস্থানে চলে গেছে বাংলাদেশ।কর-সংক্রান্ত মানদণ্ডে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এনবিআর সদস্য এম এ কাদের সরকার প্রথম আলোকে জানান, মূলত গত কয়েক বছরে কর প্রশাসনে বেশ কিছু সংস্কার হয়েছে। জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। এতে কর আদায় বেড়েছে। আগের চেয়ে তুলনামূলক বেশি করবান্ধব হয়েছে রাজস্ব খাত।প্রতিবেদনে সামগ্রিকভাবে দেশগুলোর ক্রম-অবস্থান হলো: সিঙ্গাপুর, হংকং, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত, শ্রীলংকা, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, বাংলাদেশ ও মিয়ানমার।মানদণ্ড বিবেচনা করে ১৯টি দেশকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরই মধ্যে সর্বনিম্ন ক্যাটাগরিতে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। এ দুটি দেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, কর-সংক্রান্ত মানদণ্ডে বাংলাদেশ তুলনামূলক ভালো করেছে। অন্য মানদণ্ডগুলোয় বাংলাদেশ উৎসাহব্যঞ্জক নয়। আর মিয়ানমার সব মানদণ্ডেই খারাপ করেছে। তবে ২০১০ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ২০১২ সালে মিয়ানমার অর্থনীতি, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য আরও উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।অন্যদিকে শীর্ষ ক্যাটাগরিতে রয়েছে সিঙ্গাপুর, হংকং, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ ও সুশাসনে এ চারটি দেশ সবচেয়ে ভালো করেছে।বিশ্বব্যাংক ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ব্যবসায় উদ্যোক্তা, ভ্রেইনস অ্যান্ড পার্টনার্সের বিশেষজ্ঞদের মূল্যায়ন, বিভিন্ন উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ ও মাঠ পর্যায়ের জরিপের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।