আজ রোববার শেষ হচ্ছে আয়কর মেলা। রাজধানী ঢাকা, বিভাগীয় শহর ও জেলা শহরের মেলা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মেলায় গিয়ে ই-টিআইএন নিবন্ধন, আয়কর বিবরণী জমা ও পূরণে সহায়তাসহ সব ধরনের আয়কর সেবা পাওয়া যাবে।
গতকাল শনিবারও রাজধানীর অফিসার্স ক্লাবের কর মেলায় বেশ ভিড় ছিল।
ঢাকাসহ দেশব্যাপী আয়োজিত আয়কর মেলার ষষ্ঠ দিনে মোট ৮৯ হাজার ৭৮৩ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন দুই হাজার ১১ জন করদাতা। বিদ্যমান করদাতাদের মধ্যে ১০ হাজার ৪৩২ জন করদাতা নতুন ই-টিআইএন পদ্ধতিতে পুনর্নিবন্ধিত হয়েছেন।
আয়কর মেলার ষষ্ঠ দিনে আয়কর রিটার্ন জমা পড়েছে ২৩ হাজার ২২৯টি এবং আয়কর আদায় হয়েছে ১০৮ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ১৪৯ টাকা।
আয়কর মেলার ষষ্ঠ দিন পর্যন্ত সারা দেশে মোট চার লাখ সাত হাজার ১৫০ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৫৮ জন করদাতা। ৫৭ হাজার ৩৯০ জন করদাতা ই-টিআইএনে পুনর্নিবন্ধন নিয়েছেন।
এদিকে কর মেলা থেকে এক হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর প্রায় পাঁচ লাখ করদাতাকে কর-সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্মকর্তারা জানান।
কর মেলা শেষ হলেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিতভাবে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এমনকি যাঁরা ই-টিআইএন করেননি, তাঁরা শুধু একটি নির্দিষ্ট ফরম পূরণ করে দিলে বিবরণী জমা রাখবেন কর সার্কেল কর্মকর্তারা। আর ৩১ ডিসেম্বরের মধ্যে সব করদাতাদের অনলাইনে ই-টিআইএন নিতে হবে।
২০১২-১৩ করবর্ষে প্রায় ১২ লাখ করদাতা তাঁদের বার্ষিক বিবরণী জমা দিয়েছিলেন। এর আগের বছর এর সংখ্যা ছিল সাড়ে ১০ লাখ। এর আগের বছর বিবরণী জমা দিয়েছিলেন নয় লাখ দুই হাজার পাঁচজন টিআইএন ধারী।