করোনাভাইরাসের কারণে এবারও আয়কর মেলা হচ্ছে না। গত বছরেও একই কারণে মেলার আয়োজন করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করদাতাদের সুবিধার্থে সব কর অঞ্চলে নভেম্বর মাসজুড়ে থাকবে আয়কর মেলার পরিবেশ। কর কর্মকর্তারা আয়কর জমা দিতে করদাতাদের সব ধরনের সুবিধা দেবেন।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম।
এনবিআর চেয়ারম্যান বলেন, মহামারির কারণে সরাসরি কর মেলা করতে না পারলেও পুরো নভেম্বর মাসে কর সংস্কৃতির বিকাশ, করদাতাদের সচেতনতা বৃদ্ধির জন্য করসেবা প্রদান করা হবে। নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। একই সঙ্গে রিটার্ন দাখিল করা করদাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে।
২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। এর মধ্যে কর মেলা সাধারণ করদাতাদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। সাধারণত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকা, বিভাগ, জেলা, উপজেলাসহ দেশজুড়ে কর মেলার আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশেই করদাতাদের জন্য এ ধরনের কর মেলা আয়োজন করা হয়। সর্বশেষ ২০১৯ সালের কর মেলায় ৬ লাখ ৫৫ হাজার করদাতা বার্ষিক রিটার্ন জমা দেন। ওই বছর ২৫ লাখের মতো রিটার্ন জমা পড়েছিল।