কর মেলা শুরু

রাজধানীতে আজ মঙ্গলবার আয়কর মেলা শুরু হয়েছে। আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সাত দিনব্যাপী এ মেলা চলবে। প্রথম দিনেই বিপুলসংখ্যক করদাতার সমাগম হয়েছে। দুপুরে এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মেলায় করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাচ্ছেন। আর করদাতাদের সহায়তা করার জন্য সহায়তা কেন্দ্র আছে। একই ছাদের নিচে সব সেবা মিলছে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। নারী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ আছে। এ ছাড়া এবারই প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন জমা বা ই-ফাইলিং করার সুযোগ রয়েছে।
কর মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনর্নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরোনো করদাতারা। এ ছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে।
রাজধানীর ঢাকার পাশাপাশি আজ থেকে সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী এ কর মেলা শুরু হয়েছে।
২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। আর করদাতাদের মধ্যে কর মেলা জনপ্রিয় হয়ে উঠছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি বছরের মধ্যেই কর শনাক্ত নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৫ লাখ হবে। তিনি আরও বলেন, এটা বেশ লজ্জার বিষয় যে ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১৩ লাখ লোক কর দেন। এখন একটু উন্নতি হচ্ছে।