কর মেলা শুরু আজ
দেশব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে আজ বুধবার। করদাতারা যাতে সহজে বার্ষিক কর বিবরণী জমা দিতে পারেন, সে জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিন এ মেলা চলবে। রাজধানীর মেলা হবে আগারগাঁওয়ের নির্মাণাধীন রাজস্ব ভবনে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সংশ্লিষ্ট কর অঞ্চল কার্যালয়গুলো এই মেলার আয়োজন করেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, সব জেলা শহরে চার দিন এবং ৩২টি উপজেলায় দুই দিন মেলা হবে। ৭১টি উপজেলায় এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর আয়কর বিবরণী জমার শেষ দিন।
গত কয়েক বছর ধরে এই কর মেলা করদাতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। মেলায় করদাতারা বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন। জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যে প্রাপ্তি রসিদ পাবেন করদাতারা। আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। আর করদাতাদের সহায়তা করার জন্য সহায়তা কেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।
২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়।