কর মেলা শুরু ১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতারা বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন। তাই সেপ্টেম্বর মাসের পরিবর্তে নভেম্বর মাসে আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ নভেম্বর থেকে আয়কর মেলা শুরু হচ্ছে। রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিন এ মেলা চলবে। রাজধানীর মেলা হবে আগারগাঁওয়ের নির্মাণাধীন এনবিআর ভবনে।

এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ২৯টি উপজেলায় দুই দিন মেলা হবে। ৫৭টি উপজেলায় এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবছরের মতো করদাতারা এবারের মেলায়ও আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। তাঁদের জন্য মেলায় সহায়তাকেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।

২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে।

মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনঃ নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরোনো করদাতারা। এ ছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।

এদিকে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হবে। এ ছাড়া ১৭ নভেম্বর আলাদা অনুষ্ঠান করে জাতীয়ভাবে ১০ জন শীর্ষ করদাতাকে এবং জেলা পর্যায়ে সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় ধরে দেওয়া পাঁচজন করদাতাকে সম্মাননা দেবে এনবিআর। জেলা পর্যায়ে সর্বোচ্চ করদাতাদের মধ্যে এবারই প্রথম একজন করে নারী ও তরুণ করদাতা সম্মাননা পাবেন।