কর মেলায় সেবা নিতে গিয়ে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অফিসার্স ক্লাবে আয়কর মেলায় ই-টিআইএন নেওয়ার জন্য একজন করদাতা একটি বুথে কাগজ জমা দিচ্ছেন ষ প্রথম আলো
ঢাকায় অফিসার্স ক্লাবে আয়কর মেলায় ই-টিআইএন নেওয়ার জন্য একজন করদাতা একটি বুথে কাগজ জমা দিচ্ছেন ষ প্রথম আলো

দীপেন চন্দ্র বসাক সরকারি মালিকানাধীন ব্যাংকে চাকরি করেন। চাকরিজীবনের শুরু ১৯৮১ সালে। তখন থেকেই নিয়মিত আয়কর দিয়ে আসছেন। তিনি নারায়ণগঞ্জ অঞ্চলের করদাতা।
চলতি করবর্ষে রাজস্ব বোর্ডের নির্দেশনামতো পুরোনো কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) পরিবর্তন করে ই-টিআইএন নিতে কয়েক দিন আগে গিয়েছিলেন নারায়ণগঞ্জ কর কার্যালয়ে। পুরোনো টিআইএনের অনুকূলে ভুলক্রমে সংশ্লিষ্ট কর কর্মকর্তা তাঁকে নতুন নিবন্ধন দিয়ে ফেললেন। এতে এনবিআরের খাতায় দীপেন চন্দ্র নতুন করদাতা হিসেবে চিহ্নিত হয়ে গেলেন।
ভুল সংশোধনের জন্য নারায়ণগঞ্জ থেকে গতকাল সোমবার তিনি কর অঞ্চল-১৫ কার্যালয়ে এসেছিলেন। সেখান থেকে জানানো হলো, রাজধানীর অফিসার্স ক্লাবের আয়কর মেলায় গেলে এই ভুল সংশোধন করা হবে। এরপর তিনি মেলায় এলেন। কিন্তু সংশ্লিষ্ট বুথে গিয়ে জানতে পারলেন, নির্বাচন কমিশনের সার্ভার সচল না থাকায় ভুল সংশোধন কিংবা ই-টিআইএন প্রদান করা যাচ্ছে না। বেলা দুইটা পর্যন্ত অপেক্ষা করলেন, তার পরও কাজ হলো না। এভাবেই পদে পদে হয়রানির মুখে পড়েছেন ৩২ বছর ধরে করপ্রদানকারী দীপেন বসাক।
রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে গতকাল সোমবার এই আয়কর মেলা শুরু হয়েছে; যা ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঢাকায় অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সামিউল আহসান বেলা ১১টায় একটি বুথে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁকে জানালেন, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই-বাছাই করার জন্য নির্বাচন কমিশনের সার্ভার কাজ করছে না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর বুথ থেকে দেওয়া ফরমে সামিউল আহসান নিজের যাবতীয় তথ্য লিখে জমা দিলেন। তখন তাঁকে বলা হলো, দু-তিন দিন পর সংশ্লিষ্ট বুথ থেকেই ই-টিআইএনের অনুলিপি সরবরাহ করা হবে।
সামিউল আহসান প্রথম আলোকে বলেন, ‘ভেবেছিলাম, মেলায় এসে এক দিনে সব কাজ শেষ করব। দুই ঘণ্টা অপেক্ষার ভোগান্তি তো হলোই, এখন আবার অফিস থেকে ছুটি নিয়ে আরেক দিন আসতে হবে। মেলায় সেবা পাওয়ার চেয়ে ভোগান্তিই বেশি হলো।’
সম্প্রতি এনবিআর ই-টিআইএন ছাড়া আয়কর বিবরণী না নেওয়ার নির্দেশ দেয়। এতে মেলায় করদাতাদের ভিড় বাড়ে। কিন্তু ই-টিআইএন নিতে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে যাচাই-বাছাই করতে নির্বাচন কমিশনের সার্ভারের সহায়তা নিতে হয়। কিন্তু সেটি বিকেল চারটা পর্যন্ত সচল হয়নি। যেকারণে ওই সময়ে কোনো ই-টিআইএন দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, চারটার পর সীমিত পরিসরে সার্ভার কিছুটা সচল হয়েছে।
মেলায় আসা অনেক করদাতা এ ধরনের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, যথেষ্ট প্রস্তুতি না নিয়েই এ ধরনের সেবা দেওয়ার উদ্যোগ রাখা ঠিক হয়নি।
দুপুরের দিকে ঘোষণা দেওয়া হয়, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ নির্দিষ্ট ফরম পূরণ করে বুথে জমা দিলে কর কর্মকর্তারা ই-টিআইএন তৈরি করে দেবেন। পরে আরেক দিন এসে সেই ই-টিআইএনের অনুলিপি নিতে হবে।
এ সম্পর্কে এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনের সার্ভার কাজ করছে না বলেই ই-টিআইএন দেওয়া সম্ভব হয়নি। এতে এনবিআরের কিছু করার নেই। এনবিআর শুধু তথ্য যাচাই-বাছাই করার জন্য সেই সার্ভার ব্যবহার করে থাকে।’
তিনি জানান, বার্ষিক আয়কর বিবরণী পুরোনো টিআইএন দিয়েই জমা দেওয়া যাবে। তবে আয়কর বিবরণী জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিতে হবে। এনবিআরের কর্মকর্তারা নিজ দায়িত্বে ই-টিআইএন তৈরি করে দেবেন।
এনবিআরের সর্বশেষ হিসাবমতে, অনলাইনে প্রায় দুই লাখ ৪০ হাজার করদাতা টিআইএন নিয়েছেন। এর মধ্যে নতুন টিআইএন ৫৪ হাজার ও পুরোনো টিআইএন প্রায় এক লাখ ৮৫ হাজার করদাতা।
অফিসার্স ক্লাবের মেলায় ৪৪টি ই-টিআইএন, ৩৩টি রিটার্ন দাখিল, ২টি প্রতিবন্ধী ও বয়স্ক করদাতা এবং ৩টি ই-পেমেন্টের বুথ রয়েছে। কর পরিশোধের জন্য সোনালী ও জনতা ব্যাংকের ১৬টি বুথ রয়েছে।
এদিকে গতকাল সারা দেশের আয়কর মেলায় ৩২ হাজার ৩৫৪ জনকে করসেবা দেওয়া হয়েছে। সাত হাজার ৪৫৪ জন করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছেন। এতে ৩২ কোটি ২৫ লাখ টাকা কর পাওয়া গেছে। আর নতুন ই-টিআইএন নিয়েছেন ৭৬৪ জন এবং পুনর্নিবন্ধন করা হয়েছে এক হাজার ৪৪৪টি টিআইএন।