কর মেলার আমেজ কর কার্যালয়ে

বেলা দুইটা। সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে বেশ সাজ সাজ রব। সেগুনবাগিচার আকাশচুম্বী এক অ্যাপার্টমেন্ট ভবনের সামনের জায়গাটি দেখে যে কেউ মনে করতে পারেন, হয়তো বিয়েশাদির অনুষ্ঠান হচ্ছে। ভবনের গেটগুলো রঙিন বেলুন দিয়ে সাজানো; রং-বেরঙের কাপড় দিয়ে গেট মোড়া। গেট পেরোতে দারোয়ানের কোনো বাধা নেই। ভেতরে ঢুকলেই সব খোলাসা হবে—এটা বিয়ে কিংবা অন্য কোনো উৎসব নয়। গ্যারেজের মধ্যে তৈরি করা ছোট ছোট বুথের সামনের চেয়ারে বসে লোকজন আয়কর বিবরণীর ফরম পূরণ করছেন।
এটি আসলে ছোটখাটো একটি আয়কর মেলা। মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে দুটি আবাসিক ভবনের নিচতলায় কর অঞ্চল-১, কর অঞ্চল-৭ ও কর অঞ্চল-১১-এর তিনটি মেলা হচ্ছে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী আয়কর সপ্তাহ পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ আয়কর সপ্তাহের অংশ হিসেবে প্রতিটি কর অঞ্চলে এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে। সেখানে করদাতারা রিটার্ন ফরম পূরণ ও জমা দিতে পারছেন।
সেগুনবাগিচা, পল্টন, বিজয়নগর অঞ্চলের যেসব আবাসিক ও বাণিজ্যিক ভবনে আয়কর বিভাগের কার্যালয় আছে, সেসব ভবনে এখন করদাতারা ভিড় করছেন। করদাতারা যাতে সহজে কর দিতে পারেন, সে জন্য কর কার্যালয়গুলোতে বিভিন্ন ধরনের সেবা বুথ তৈরি করা হয়েছে। উৎসবের আমেজ তৈরি করতে সাজানো হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল বুধবার ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এবার সময় আর বাড়বে না। বাজেটে এ ঘোষণা দিয়ে তা আইনের অংশ হিসেবে সংযোজন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কর অঞ্চল-১, কর অঞ্চল-৭ ও কর অঞ্চল-১১-এর কার্যালয়ে গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, এখানে করদাতাদের ভিড় যথেষ্ট। করদাতারা যাতে সহজে আয়কর ফরম পূরণ, রিটার্ন জমা, প্রাপ্তি রসিদ নিতে পারেন, সে জন্য একাধিক বুথ করা হয়েছে। প্রতিটি বুথেই করদাতাদের ছোটখাটো ভিড়। আর যাঁরা রিটার্ন পূরণ করতে পারছেন না; তাঁদের সহায়তা করার জন্য সহায়তাকেন্দ্রও আছে। তিনটি কার্যালয় পাশাপাশি ভবনে হওয়ায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের এলাকাটি অনেকটা আয়কর মেলার আমেজ পেয়েছে।
এখানেই কথা হয় খিলগাঁও এলাকার সাদেক খানের সঙ্গে। তিনি ১৩ বছর ধরে নিয়মিত কর দেন। এবারই এমন পরিবেশে কর দিলেন। তিনি প্রথম আলোকে জানান, প্রতিবারই শেষ সময়ে রিটার্ন জমা দিতে এসে কর অফিসের লোকজনকে ‘চায়ের খরচ’ দিতে হয়েছে। এবার চায়ের খরচ ছাড়াই রিটার্ন জমা দেন তিনি।
এবার থেকে সরকারি কর্মকর্তাদের মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলেই রিটার্ন জমা বাধ্যতামূলক। তাই শেষ মুহূর্তে কর কার্যালয়গুলোতে তাঁরা রিটার্ন জমা দিতে যাচ্ছেন। গতকাল দুপুরে সেগুনবাগিচায় কথা হয় কর অঞ্চল-৮-এর করদাতা ও আগারগাঁওয়ের বাসিন্দা অহিদুর রহমানের সঙ্গে। তিনি বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে (জিটিসিএল) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। এবারই প্রথমবারের মতো অহিদুর রহমান রিটার্ন জমা দিতে এসেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পরিবেশটি বেশ ভালো। কর কর্মকর্তারা বেশ সহায়তা করছেন। তবে ব্যাংকের বুথ না থাকায় করদাতাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁদের নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে টাকা জমা দিয়ে চালানপত্র আনতে হয়।

সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে কর অঞ্চল-৫-এর কার্যালয়। সেখানে করদাতাদের জন্য রিটার্ন জমার সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কর কার্যালয়ে ঢোকার মুখেই করদাতাদের কী সুবিধা দেওয়া হচ্ছে—এ নিয়ে বিশাল ব্যানার রয়েছে। এখানে রিটার্ন জমা দিতে আসা বেসরকারি চাকরিজীবী মজিবুর রহমান জানান, ব্যস্ততার কারণে এবার কর মেলায় রিটার্ন জমা দিতে পারেননি। তাই এখানে রিটার্ন জমা দিতে এসেছেন। কোনো হয়রানির শিকার হননি।
দুপুরে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান রাজধানীর বিভিন্ন কর অঞ্চল কার্যালয় সরেজমিনে ঘুরে দেখেন। করদাতাদের সঙ্গে কথা বলেন; হয়রানির শিকার হচ্ছেন কি না, তা জানতে চান। বেলা আড়াইটার দিকে তিনি আসেন কর অঞ্চল-৭-এর সেগুনবাগিচা কার্যালয়ে। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, কর কার্যালয়গুলোতে দূর-দূরান্ত থেকে করদাতারা আসছেন। এখানকার পরিবেশ দেখে তৃপ্তি অনুভব করছেন। করদাতাদের করবান্ধব পরিবেশ দিলে তাঁরা উৎসবের আমেজে কর দেন।
এনবিআরের চেয়ারম্যান আরও জানান, ১৬ হাজার টাকার বেশি মূল বেতনের সরকারি চাকরিজীবীদের রিটার্ন বাধ্যতামূলক। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় আগামী ডিসেম্বর মাস থেকে যাচাই-বাছাই শুরু করবে, তাঁরা রিটার্ন জমা দিচ্ছেন কি না। এরপর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় তা এনবিআরকে জানাবে। এনবিআর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
কর কার্যালয় সূত্রগুলো জানিয়েছে, চলতি বছর রিটার্ন জমার সংখ্যা আগের চেয়ে বাড়বে। প্রতিটি কার্যালয়ে ১০ থেকে ২০ শতাংশ বেশি রিটার্ন জমা পড়বে বলে সংশ্লিষ্ট কর কর্মকর্তারা জানান। গতবার প্রায় ১২ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এবার তা কমপক্ষে ১৫ লাখ ছাড়িয়ে যাবে বলে একাধিক কর কর্মকর্তা মনে করেন।
৩০ নভেম্বরের পরে রিটার্ন জমা দেওয়ার সুযোগ না থাকলেও যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়িয়ে নিতে পারবেন করদাতারা। এ জন্য ওই করদাতাকে নির্ধারিত করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।