কর মেলায় শেষ দিন উপচে পড়া ভিড়

জাতীয় আয়কর মেলায় আজ সোমবার শেষ দিন উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে আয়োজিত এ মেলার প্রতিটি বুথের সামনে করদাতাদের সারিবদ্ধ অবস্থায় দাঁড়াতে দেখা যায়।
দুটি লাইনের মাধ্যমে কর প্রদানের কাজ চলছে। একটি লাইন দিয়ে আয়করের কাগজ জমা দিচ্ছেন করদাতারা। আরেক লাইন থেকে নিচ্ছেন রিটার্ন ফেরত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর প্রদানে অনেক সময় লাগলেও শান্তিপূর্ণভাবে কর দিতে পেরে খুশি করদাতারা। ফরম পূরণের জন্য বরাদ্দ করা চেয়ার-টেবিল খালি না থাকায় অনেকেই মেঝেতে বসে ফরম পূরণ করছেন। শেষ দিন মেলায় আসা করদাতাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন রাজস্ব কর্মকর্তারা।
কর দিতে এসে একজন জানালেন, খুবই সুশৃঙ্খলভাবে কর দিয়েছেন তিনি। তবে ভিড়ের কারণে সময় কিছুটা বেশি লেগেছে।
আরেক করদাতা বলেন, ‘এই মেলায় উন্মুক্ত কর প্রদান করার সুযোগ পেয়ে আয়কর জমা দিয়েছি। কোনো অব্যবস্থাপনা চোখে পড়েনি। করগ্রহীতারা অনেক ইতিবাচক ছিলেন।’
‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নেই’ স্লোগান নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে সাত দিনব্যাপী এ মেলা শুরু হয় ১ নভেম্বর। আজ বিকেল পাঁচটায় মেলা শেষ হবে। তবে সময় বাড়ানো হবে কি না, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
গতকাল সারা দেশের ৬৭টি আয়কর মেলায় ১ লাখ ৩৯ হাজার ১৭৮ জন এসেছেন। তাঁরা রিটার্ন জমা, ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়া, ই-ফাইলিংসহ বিভিন্ন ধরনের সেবা নিতে এসেছেন কিংবা কর সম্পর্কে খোঁজ নিতে এসেছেন।