কর সংগ্রহ ও ব্যয় বৈষম্যমূলক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কর সংগ্রহ এবং ব্যয়ের কাঠামো নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের বিপরীতে কাজ করে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। হালানাগদ মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে সংস্থাটি বলেছে, দিন দিন মূল্য সংযোজন করের (মূসক) আওতা বাড়ানো হচ্ছে। অথচ মূসক আয় নিরপেক্ষ। সব আয়ের স্তরের ওপর মূসকের অভিঘাত সমান। অন্যদিকে আয়কর সমানতালে বাড়েনি।উন্নয়ন অন্বেষণ বলছে, ২০১১-১২ অর্থবছরে মূসক এবং আয়কর আদায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৩৫ হাজার ৪৭৯ কোটি এবং ২৮ হাজার ৩৪৬ কোটি টাকা। আর ২০১২-১৩ অর্থবছরে সরকার আয়কর ও মূসক আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যথাক্রমে ৩৫ হাজার ৩০০ কোটি এবং ৪০ হাজার ৪৬৬ কোটি টাকা, যা বিগত অর্থবছর থেকে যথাক্রমে ২৪ দশমিক ৫৩ ও ১৪ শতাংশ বেশি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন বছর মেয়াদি সংস্কার প্রকল্পের শর্তে মূল্য সংযোজন করের আওতা আরও বাড়ানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এতে বলা হয়েছে, বর্তমানে দেশে সাড়ে সাত লাখ প্রতিষ্ঠান মূসক বিবরণীর নিবন্ধনে থাকলেও নিয়মিত বিবরণী দাখিল করেছে মাত্র ৫০ থেকে ৬০ হাজার প্রতিষ্ঠান।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, একদিকে আয়কর প্রদানকারীর সংখ্যা বাড়ছে না, অন্যদিকে ফাঁকি দেওয়ার প্রবণতাও রোধ করা যাচ্ছে না। উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, জমির ন্যূনতম বিক্রয়মূল্য নির্ধারণ করার ফলে জমি নিবন্ধন করের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু একই হারে আয়করের পরিমাণ বাড়েনি। ২০০৫-০৬ থেকে ২০১০-১১ অর্থবছরে জমি নিবন্ধন কর থেকে রাজস্ব আদায় বেড়েছে ২৮৪ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে আয়কর থেকে রাজস্ব আদায় বেড়েছে ২২২ দশমিক ১৬ শতাংশ।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, দেশে যে হারে আয়কর প্রদানকারীর সংখ্যা বৃদ্ধির কথা, সে হারে বাড়ছে না। বাংলাদেশে মোট ১৬ কোটি জনগণের মধ্যে কর শনাক্তকারী নম্বরধারীর সংখ্যা মাত্র ৩৫ লাখ। এর মধ্যে মাত্র ১১ লাখ করদাতা ২০১১-১২ অর্থবছরে আয়কর বিবরণী দাখিল করেছে।আবার বাংলাদেশে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে কর ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত অনেক কম। বাংলাদেশে কর-জিডিপি অনুপাত ২০১১ সালে ছিল ১১ দশমিক ২০ শতাংশ, যা পাকিস্তানে সাড়ে ১২ শতাংশ এবং নেপালে ২১ শতাংশ। বাংলাদেশের মোট রাজস্ব আয়ে কর রাজস্বের অবদান কমছে, বাড়ছে করবহির্ভূত রাজস্বের পরিমাণ—এই তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মোট রাজস্ব আয়ের অন্যতম উৎস কর রাজস্ব আয়ের অবদান হ্রাস পাওয়া অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। গবেষণা সংস্থাটির মতে, প্রকৃত বিদেশি সাহায্যের প্রবাহ ঋণ ও অনুদানের অপ্রতুলতা এবং ঋণ পরিশোধের পরিমাণ বৃদ্ধির কারণে প্রাপ্ত বরাদ্দের অর্ধেকে নেমে এসেছে। অপরপক্ষে, সাম্প্রতিক সময়ে সামগ্রিক ব্যয়ের একটি বড় অংশ সুদ ও আসল পরিশোধ বাবদ খরচ হচ্ছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভর্তুকি বৃদ্ধির কারণে সরকারের ঋণ বৃদ্ধি পেয়েছে এবং একই কারণে ঋণ বাবদ সুদ ও আসল বেড়েছে।