কর হার কমানোর সুপারিশ মেট্রো চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগে কর রেয়াত সুবিধা বাড়ানোর প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এমসিসিআইয়ের প্রস্তাব হলো বিদ্যমান ব্যবস্থা বাতিল করে মোট আয়ের ৩০ শতাংশ বিনিয়োগের সুযোগ দেওয়া এবং প্রকৃত বিনিয়োগের ১৫ শতাংশ কর রেয়াত দেওয়া।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ২০১৭-১৮ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় এসব প্রস্তাব দিয়েছে দেশের প্রাচীনতম এই ব্যবসায়ী সংগঠন। সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। এমসিসিআইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সহসভাপতি গোলাম মঈনউদ্দিন।
চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় বিনিয়োগে কর রেয়াত ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়। তাতে বিনিয়োগসীমা মোট আয়ের ২৫ শতাংশ করা হয়। মোট আয় ১০ লাখ টাকা পর্যন্ত হলে প্রাপ্যযোগ্য বিনিয়োগে কর রেয়াত ১৫ শতাংশ; মোট আয় ১০-৩০ লাখ টাকা হলে প্রাপ্যযোগ্য বিনিয়োগের প্রথম আড়াই লাখ পর্যন্ত ১৫ শতাংশ, অবশিষ্টাংশের জন্য ১২ শতাংশ হারে কর রেয়াত সুবিধা দেয় সরকার। আবার একইভাবে মোট আয় ৩০ লাখ টাকার বেশি হলে প্রাপ্যযোগ্য বিনিয়োগের প্রথম আড়াই লাখ পর্যন্ত ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ এবং অবশিষ্টাংশের জন্য ১২ শতাংশ হারে কর রেয়াত সুবিধা দেওয়া হয়।
আগামী অর্থবছর থেকে ব্যক্তিশ্রেণি আয়করের সর্বোচ্চ কর হার ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে এমসিসিআই। বর্তমানে এর হার ৩০ শতাংশ। এ ছাড়া সারচার্জ আরোপের জন্য নিট সম্পদের সীমা আরও বাড়িয়ে ৫ কোটি টাকা করার সুপারিশ করেছে এমসিসিআই। বর্তমানে সোয়া ২ কোটি টাকার সম্পদ থাকলেই বিভিন্ন হারে সারচার্জ আরোপিত হয়।
এমসিসিআই প্রস্তাব করেছে নিট সম্পদ ৫ থেকে ১০ কোটি টাকা হলে ৫ শতাংশ; ১০ থেকে ২০ কোটি টাকা হলে ১০ শতাংশ; ২০ থেকে ৩০ কোটি টাকা হলে ১৫ শতাংশ এবং ৩০ কোটি টাকার বেশি হলে ২০ শতাংশ হাের সারচার্জ আরোপের। ন্যূনতম সারচার্জের বিধান প্রত্যাহার করারও সুপারিশ করেছে এমসিসিআই।
এ ছাড়া আমদানি পর্যায়ে আয়কর ৩ শতাংশ হার নির্ধারণের প্রস্তাব দিয়েছে এমসিসিআই। আবার বিদেশি কর্মীদের আয়ের ওপর উৎসে কর ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া নতুন মূসক আইনে উপকরণের সংজ্ঞা নির্ধারণ; কর ও জরিমানা-বকেয়ার সংজ্ঞা স্পষ্ট করাসহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়।
প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা বলেন, সার্বিক মানসম্পন্ন (কমপ্লায়েন্ট) বা নিয়মকানুন মানে এমন বহু প্রতিষ্ঠান আমদানি পর্যায়ে অগ্রিম কর দিয়ে থাকে, যা অনেক সময় বেশি হয়ে যায়। পরে তা ফেরত দেওয়া হয় না।
গোলাম মঈনউদ্দিন বলেন, রাজস্ব ঘাটতি পূরণে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ও করদাতাদের ওপর অতিরিক্ত করের বোঝা আরোপিত হয়, যা শাস্তি প্রদানতুল্য।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘যেকোনো সমস্যা সমাধানে এলটিইউয়ের করদাতাদের নিয়ে একটি ফোরাম গঠন করা হবে। যারা আমাদের ভালো করদাতা, তাদের লালন করতে হবে।’
প্রতিনিধিদলে আরও ছিলেন এমসিসিআইয়ের সদস্য আদিব খান, হাবিবুল্লাহ এন করিম, তাবিথ আউয়াল প্রমুখ।
এর আগে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নেতাদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা করে এনবিআর। বিসিআইয়ের প্রস্তাবগুলোর অন্যতম হলো ব্যক্তিশ্রেণির করদাতার করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকায় উন্নীত করা, করপোরেট কর হার পুনর্বিন্যাস। এ ছাড়া নতুন মূসক আইনের আওতায় বার্ষিক টার্নওভার করের সীমা ৩০ লাখ থেকে ৫ কোটি টাকার মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে। বর্তমানে এর ঊর্ধ্বসীমা ৮০ লাখ টাকা। বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সংগঠনটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।