
প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপি গ্যাসের ব্যবহার বাড়াতে হলে সরকার ও এই খাতের বেসরকারি উদ্যোক্তাদের বেশ কিছু করণীয় অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। ‘এশিয়া এলপি গ্যাস সামিট’-এর সমাপনী দিনের বিভিন্ন অধিবেশনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন।
ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ওয়ার্ল্ড এলপি গ্যাস অ্যাসোসিয়েশন’ আয়োজিত দুই দিনের এই সম্মেলন গতকাল সোমবার বিকেলে শেষ হয়েছে। এই সম্মেলনে ২০টি দেশের অর্ধশতাধিক কোম্পানি ও তার প্রতিনিধিরা অংশ নেন। ঢাকায় এবারই প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হলো।
‘বাংলাদেশে এলপি গ্যাসের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক অধিবেশনে ‘লাফ্স গ্যাস বাংলাদেশ’-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সরকারের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো উদ্যোক্তাদের জন্য ‘ওয়ান পয়েন্ট সার্ভিস’ প্রতিষ্ঠা এবং এলপি গ্যাস আমদানি, বিপণন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্যের শুল্ক ও কর শিথিল করা।
ইংরেজি পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লাহ্ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অধিবেশনে ইন্ট্রাকো গ্রুপের পরিচালক কর্নেল (অব.) আক্তার কামাল বলেন, গ্রাহকের জন্য বহনযোগ্য দাম ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সিলিন্ডার ব্যবহারে অনেক গ্রাহকের অস্বস্তি রয়েছে। এটা দূর করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও ভূমিকা নিতে হবে।
বসুন্ধরা এলপি গ্যাসের প্রধান বিপণন কর্মকর্তা এম এম জসিমউদ্দিন বলেন, সরকারের নীতিকাঠামো এলপি গ্যাসের ব্যবহার সম্প্রসারণের জন্য যথেষ্ট নয়। সিলিন্ডারের মান পরীক্ষা করে দেখার কেউ নেই। তা ছাড়া, এলপি গ্যাস ব্যবহারে নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের যে অস্বস্তি আছে, তা দূর করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
টোটালগ্যাস বাংলাদেশের মহাব্যবস্থাপক মুজিবর রহমান বলেন, এই খাতের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। এমনকি এলপি গ্যাসের ট্যাংকার চলাচলের জন্য সড়কের মান সংরক্ষণও গুরুত্বপূর্ণ। কারণ, এলপি গ্যাসের নিরাপদ চলাচল ও ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ওমেরা এলপিজির সহকারী মহাব্যবস্থাপক তানজিম চৌধুরী বলেন, সরকারি সংস্থা বিপিসিও এলপি গ্যাস উৎপাদন ও বাজারজাত করে। সে হিসেবে বিপিসি বেসরকারি কোম্পানিগুলোর প্রতিযোগী। কিন্তু বিপিসির কাছ থেকেই বেসরকারি কোম্পানিগুলোকে আমদানি ও বাজারজাতকরণের ছাড়পত্র নিতে হয়। এ ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।
গতকাল দুপুরে এলপি গ্যাস নিয়ে একটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। তাতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের পরিচালক ডেভিড টেলর।
বিকেলে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর জন্য সব রকম পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে তিনি সরকারের পাশে থাকতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।