করণীয় নির্ধারণে আজ মন্ত্রণালয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় অঞ্চলের কৃষি জমিতে লোনা পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষ বন্ধ করতে দেশের উচ্চ আদালত সম্প্রতি সরকারকে নির্দেশ দিয়েছেন।বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশের দক্ষিণাঞ্চলের লোনা পানিতে চিংড়ি চাষের বিষয়ে করণীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার একটি বৈঠক ডেকেছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মত্স্যবিজ্ঞান বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান ছাড়াও সরকারি-বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞ এবং বিভিন্ন জেলার চিংড়িচাষিদের আমন্ত্রণ জানানো হয়েছে।চাষিদের সূত্রে জানা গেছে, বাগদা চিংড়ি লবণাক্ত পানিতে হয় আর গলদা চিংড়ি মিঠা পানিতে হয়। দেশে বাগদা চিংড়ি উত্পাদন হয় মূলত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী ও কক্সবাজার জেলায়। এসব জেলায় এক লাখ ৭০ হাজার হেক্টর জমিতে বাগদা চাষ হয়।জানা গেছে, বর্তমানে দেশে লক্ষাধিক বাগদা চিংড়িচাষি রয়েছেন। এ ছাড়া এর সঙ্গে হ্যাচারি, পরিবহন, প্যাকেজিং, বরফ কারখানা, মত্স্যখাদ্য উত্পাদক ও চিংড়ি প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান জড়িত রয়েছে।বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি (বিএফএফইএ) সূত্রে জানা গেছে, দেশের রপ্তানি করা হিমায়িত খাদ্যের মধ্যে ৯০ শতাংশ চিংড়ি ও ১০ শতাংশ সাধারণ মাছ। আর রপ্তানি করা চিংড়ির মধ্যে ৭৫ শতাংশ বাগদা ও ২৫ শতাংশ গলদা।ইপিবি সূত্রে জানা গেছে, চলতি ২০০৯-১০ অর্থবছরে হিমায়িত খাদ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৬ কোটি ৮২ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। গত ২০০৮-০৯ অর্থবছরে ৪৫ কোটি ৪৫ লাখ ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি করা হয়।চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০০৯) ২২ কোটি ডলারের বেশি হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ৩৭ শতাংশ কম। আর গত অর্থবছরে একই সময়ে রপ্তানি হয়েছিল ২৬ কোটি ৮৮ লাখ ডলারের।