করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে: এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য প্যাকেজ মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থা বহাল থাকবে।ব্যবসায়ীদের উদ্দেশে নাসিরউদ্দিন আহমেদ বলেন, কর দেবেন, ভালো সেবা পাবেন না—এটা হবে না। করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এনবিআর।গতকাল রোববার এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নাসিরউদ্দিন আহমেদ এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যবসায়ী পর্যায়ে মূসক প্রদান ও ইসিআর/পিওএস ব্যবহারসংক্রান্ত এই মতবিনিময় সভার আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ)। মতবিনিময় সভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে প্যাকেজ মূসক ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয়। প্রসঙ্গত, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বছরে চার হাজার থেকে ছয় হাজার ২০০ টাকা পর্যন্ত প্যাকেজ ব্যবস্থায় মূসক দেওয়ার বিধান রয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এ কাদের কিরণ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম খন্দকার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) কমিশনার আবদুল কাফী। সভায় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কিছু করা হবে না। এ কে আজাদ বলেন, শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে যানজট। এতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এসব বিবেচনা করে তিনি প্যাকেজ মূসক ব্যবস্থা বহাল রাখার দাবি জানান।