করদাতাবান্ধব বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অর্থবছরের বাজেটে আয়কর প্রদান, রিটার্ন দাখিল সহজীকরণ ও করসেবা প্রদান-প্রক্রিয়ায় আমূল সংস্কার আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।গত অর্থবছরে দুটি কর অঞ্চলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম চালু করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার ঢাকায় আরও দুটি কর অঞ্চল (কর অঞ্চল-৪ ও ৬) এই কার্যক্রমের আওতায় আনা হবে।এ ছাড়া আগামী ১ জুলাই থেকে করদাতাদের যাবতীয় করসেবা প্রদানের জন্য দুটি করদাতা তথ্য ও সেবাকেন্দ্র চালু হচ্ছে।একই স্থান থেকে আয়কর রিটার্ন দাখিল, কর পরিশোধ ও কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদপ্রাপ্তির লক্ষ্যে গত বছরের মতো এ বছরের ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর মেলার আয়োজন করা হবে। এ বছর সব বিভাগীয় শহরেও এই সেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।আগামী ডিসেম্বর মাস থেকে করদাতারা অনলাইনে তাঁদের টিআইএন নিবন্ধন ও সনদ সংগ্রহ করতে সক্ষম হবেন। এ ছাড়া টিআইএন সনদ নেওয়ার সময় এক হাজার টাকা কর দেওয়ার বিধানও তুলে দেওয়া হচ্ছে। মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে প্রদেয় আয়কর অনলাইনে নির্দিষ্ট ব্যাংকে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।