করদাতার বিনিয়োগ সুবিধা কমল
করদাতার বিনিয়োগের সুবিধা কমল। এখন থেকে কোনো করদাতা তাঁর মোট আয়ের ওপর ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করে কর রেয়াত সুবিধা নিতে পারবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেছেন।
>করদাতার করযোগ্য আয়ের পরিমাণ বেড়ে যাবে। বার্ষিক রিটার্ন জমা দেওয়ার সময় আগের চেয়ে বেশি কর দিতে হবে
বর্তমানে একজন করদাতা তাঁর মোট আয়ের ৩০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করে ১৫ শতাংশ হারে কর রেয়াত নিতে পারেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ছোট করদাতাদের কর রেয়াত নেওয়ার জন্য বিনিয়োগসীমা কমল। এতে ওই করদাতার করযোগ্য আয়ের পরিমাণ বেড়ে যাবে। বার্ষিক রিটার্ন জমা দেওয়ার সময় আগের চেয়ে বেশি কর দিতে হবে।
অর্থমন্ত্রী এবার কর রেয়াত নেওয়ার হারেও পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো করদাতার আয় ১০ লাখ টাকা পর্যন্ত হলে ১৫ শতাংশ হারে কর রেয়াত পাবেন। কর ছাড়ের জন্য ওই করদাতা ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এতে বছর শেষে ৩০ হাজার পর্যন্ত কর রেয়াত নিতে পারবেন। আবার কোনো করদাতার যদি বার্ষিক আয় ১০ থেকে ৩০ লাখ টাকা হয়, তবে বিনিয়োগ সুবিধার প্রথম ২ লাখ টাকার ১৫ শতাংশ হারে কর রেয়াত পাবেন। বাকি টাকার ওপর ১২ শতাংশ হারে কর রেয়াত পাবেন। উদাহরণ দিয়ে বলা যায়, কোনো করদাতার বার্ষিক আয় যদি ৩০ লাখ টাকা হয়, তবে তিনি ৬ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে কর রেয়াত নিতে পারবেন। সে ক্ষেত্রে ওই করদাতার মোট কর রেয়াতের পরিমাণ দাঁড়াবে ৭৮ হাজার টাকা।
একইভাবে ৩০ লাখ টাকার বেশি বার্ষিক আয় কর রেয়াত নেওয়ার জন্য বিনিয়োগের প্রথম ২ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরের ৬ লাখ টাকার ১২ শতাংশ এবং বাকি টাকার জন্য ১০ শতাংশ হারে রেয়াতি সুবিধা পাবেন।