
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, করদাতার সন্ধানে চলতি অর্থবছরজুড়েই সারা দেশে আয়কর ক্যাম্প করা হবে। প্রত্যন্ত অঞ্চলের যাঁরা এখনো করের আওতায় আসেননি, তাঁদের কাছে যাব। তাঁদের বোঝাব, আয়কর দিলে কোনো অসুবিধা নেই। এটা কর-জালের মধ্যে আটকানোর বিষয় নয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত মেম্বারস কনফারেন্সে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। কারওয়ান বাজারের আইসিএবি মিলনায়তনে ‘অর্থ আইন ২০১৭-এর মাধ্যমে আয়করে আনা পরিবর্তনসমূহ’ শীর্ষক এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি আদিব হোসেন খান।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান আরও বলেন, ‘আমরা কিছু বৈপ্লবিক চিন্তাভাবনা করছি। এর অংশ হিসেবে আয়কর বিবরণী ফাইল নিরীক্ষা কিছুদিন বন্ধ রাখা হতে পারে।’
নতুন আয়কর আইন সম্পর্কে এনবিআরের চেয়ারম্যান জানান, আগামী অক্টোবর মাসের মধ্যে নতুন আয়কর আইনের খসড়া হবে। এরপর তা মতামতের জন্য জনসমক্ষে প্রকাশ করা হবে। আগামী জানুয়ারি মাসে নতুন আইনের খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য যাবে। মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর তা জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে। তিনি জানান, নতুন আইনটি যাতে সহজবোধ্য হয়, সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এনবিআরের কর্মকর্তারা নতুন আইনের খসড়াটি বাংলায় সহজবোধ্য করার কাজ করছেন।
নজিবুর রহমান আরও বলেন, বাংলাদেশ পরিসংখান ব্যুরো (বিবিএস) বিজনেস রেজিস্ট্রার বা ব্যবসায় নিবন্ধন নিয়ে কাজ করছে। এনবিআর এই প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তবে কাউকে হয়রানি করা হবে না। যাঁরা কর দেবেন, তাঁরা আয়েশ করে দিন কাটাবেন, এমন পরিস্থিতি তৈরি করা হবে। তিনি আরও জানান, একই পরিবারের সবাই কর দেন, এমন পরিবার খুঁজছে এনবিআর। তাঁদের কর বাহাদুর পরিবার হিসেবে সম্মাননা দিতে চায় এনবি
এনবিআরের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিভাগের সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, মধ্যম আয়ের দেশ হতে কর-জিডিপি (মোট দেশজ উৎপাদন) অনুপাত সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। অন্তত এই অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে হবে। এখনো তা ১০ শতাংশের নিচে। তাঁর মতে, এ দেশের কর আহরণের সক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারলে কর-জিডিপি অনুপাত সন্তোষজনক পর্যায়ে নেওয়া সম্ভব।
এনবিআরের শুল্ক বিভাগের সদস্য লুৎফর রহমান জানান, শিল্পবান্ধব ব্যবসা-বাণিজ্য পরিবেশ তৈরি করতেই প্রতিবছর শুল্ক বিষয়ে নানা পরিবর্তন আনা হয়।
এনবিআরের সদস্য (আয়কর নীতি) পারভেজ ইকবাল বলেন, নতুন আয়কর আইনটি করদাতাদের জন্য আরও সহজ হবে। এবারের বাজেটে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো বেশ ব্যবসাবান্ধব।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আইসিএবির সভাপতি আদিব হোসেন খান বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের জন্য প্রতিবছর রাজস্ব আদায়-সংক্রান্ত আইনগুলো পরিবর্তন করা হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য—অতিরিক্ত রাজস্ব আদায়। আশা করি, এনবিআর আরও বেশি ব্যবসাবান্ধব হবে। তবে এটাও ঠিক, অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য এনবিআর চাপে থাকে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান রহমান হকের অংশীদার মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে অধিবেশন সভাপতির দায়িত্বে ছিলেন আইসিএবির সাবেক সভাপতি জামালউদ্দিন আহমেদ।