করনীতির বিভ্রান্তিতে ১০০ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করনীতিতে বিভ্রান্তির কারণে দেশের সৌরবিদ্যুতের প্যানেল তৈরি খাতে প্রায় ১০০ কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন-সাশ্রয়ী করতে বেশ কিছু কর ছাড় দিলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময়মতো এগুলোর বিধি হালনাগাদ না করায় এ পরিস্থিতি দেখা দিয়েছে।সরকার নবায়নযোগ্য জ্বালানি তথা সৌরবিদ্যুৎ খাতকে উৎসাহিত করার অংশ হিসেবে দেশে বেসরকারি খাতে সৌরবিদ্যুতের প্যানেল তৈরির কারখানাকে আর্থিক সমর্থনসহ কিছু সুবিধা দেওয়ার নীতি গ্রহণ করে। ওই নীতির অংশ হিসেবে ২০০৪ সালে সরকার একটি এসআরও (স্ট্যাটুরি রেগুলেটরি অর্ডার) জারির মাধ্যমে সৌরবিদ্যুতের প্যানেল তৈরির কারখানায় ব্যবহূত সব কাঁচামাল ও আনুষঙ্গিক সব আমদানিযোগ্য পণ্যের ওপর সব ধরনের সুদ মওকুফ করে। ওই এসআরওতে উল্লেখ করা হয়, এনবিআরের সঙ্গে পরামর্শক্রমে সরকার কিছু শর্ত সাপেক্ষে সৌরবিদ্যুতের প্যানেল তৈরির কাজে ব্যবহূত সব ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (যদি থাকে) থেকে অব্যাহতি দিয়েছে।শর্তগুলো হলো—প্যানেল তৈরির কাজে ব্যবহূত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানিকারকের কারখানা (ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট) বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হতে হবে এবং আমদানি করা যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ শুধুই সৌরবিদ্যুতের প্যানেল তৈরির কাজে ব্যবহার করতে হবে। এসব শর্ত লঙ্ঘিত হলে অর্থাৎ আমদানি করা উপকরণ অন্য কাজে ব্যবহার করা হলে আরোপিত শুল্ককর প্রদানসহ শুল্ক আইনের অধীন আইনানুগ শাস্তি মেনে নিতে বাধ্য থাকবেন—এই মর্মে আমদানিকারককে ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সংশ্লিষ্ট শুল্ক কমিশনার বরাবর দাখিল করতে হবে। সরকারের নীতি ঘোষণা এবং এসআরও জারির পর বেশ কয়েকটি বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান সৌর প্যানেল তৈরির কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে প্যানেল তৈরির কারখানা স্থাপন করেছে। এ খাতে ওই পাঁচটি বেসরকারি উদ্যোক্তার বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এসব কোম্পানিকে ঋণ-সহায়তা দিয়েছে।কিন্তু উৎপাদনে যাওয়ার প্রাক্কালে এই প্রতিষ্ঠানগুলো ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয়। দেখা যায়, সরকার শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানির যে কথা গেজেটের মাধ্যমে ঘোষণা করেছে, তার অনেকগুলোই বাস্তবে কার্যকর নেই। বরং প্যানেল তৈরির কাজে ব্যবহূত হচ্ছে এমন ৩১টি সামগ্রী আমদানিতে গড়ে ৪০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে। অথচ সরকারের একটি সাধারণ নীতিমালা রয়েছে, দেশীয় শিল্পকে উৎসাহিত করতে যেকোনো পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকৃত পণ্য ও কাঁচামাল আমদানির মধ্যে শুল্ক পার্থক্য হবে ২০ থেকে ৩০ শতাংশ। এ প্রসঙ্গে ইলেক্ট্রো সোলার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনসার উদ্দিন আহমদ বলেন, ‘মূলত সরকারের উৎসাহমূলক নীতির কারণেই আমরা সোলার প্যানেল তৈরির কারখানা বসিয়েছি। কিন্তু গেজেটে ঘোষিত নীতি যদি পুরোপুরি বাস্তবায়িত না হয়, তা হলে আমাদের পক্ষে এসব শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে। আমদানি করা প্যানেলের সঙ্গে স্থানীয়ভাবে তৈরি প্যানেল প্রতিযোগিতায় টিকতে পারবে না।’ একই কথা বলেছেন সৌর প্যানেল তৈরির অন্যতম প্রতিষ্ঠান রহিমআফরোজের একজন শীর্ষ কর্মকর্তা। এ প্রসঙ্গে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ইডকলের পরিচালক এস এম ফরমান উদ্দিন বলেন, যত দ্রুত সম্ভব শুল্ক ক্ষেত্রে বিদ্যমান অসামঞ্জস্য দূর করা প্রয়োজন। অন্যথায় এ ক্ষেত্রে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো উৎসাহ হারিয়ে ফেলবে এবং তাতে পুরো খাতই ক্ষতিগ্রস্ত হবে।যোগাযোগ করা হলে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এনবিআর এ বিষয়ে কাজ করে যাচ্ছে এবং যেসব কাঁচামাল এখনো শুল্ক-সুবিধার বাইরে রয়েছে, তা ক্রমান্বয়ে শুল্ক-সুবিধার আওতায় আনার ব্যবস্থা করা হবে।