বিপিসি ও ট্যুরিজম বোর্ড
করপোরেশন চলে নিজস্ব আয়ে, ট্যুরিজম বোর্ড সরকারি টাকায়
কাজ প্রায় একই রকমের হলেও পর্যটন করপোরেশনকে চলতে হয় নিজস্ব আয়ে আর ট্যুরিজম বোর্ড চলে সরকারের টাকায়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্যে পর্যটন করপোরেশন প্রতিষ্ঠা করেছিলেন, প্রায় একই উদ্দেশ্যে ২০১০ সালে ট্যুরিজম বোর্ড গঠন করে সরকার। অর্থাৎ অপার সম্ভাবনাময় পর্যটনশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার মাধ্যমে সোনার বাংলাকে আন্তর্জাতিক ‘পর্যটন গন্তব্য’ হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ট্যুরিজম বোর্ড গঠন করা হয়।
তবে পর্যটন করপোরেশনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পর্যটন করপোরেশনের পিঠে শেষ পেরেক মারা হয়েছে ট্যুরিজম বোর্ড গঠনের মাধ্যমে। কারণ, দুটি সংস্থার কাজ প্রায় একই রকমের। তাঁরা ট্যুরিজম বোর্ড গঠনের জন্য সংস্থার একসময়কার চেয়ারম্যান এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদীকে দুষছেন। বলছেন, ট্যুরিজম বোর্ড গঠনের পেছনে সাবেক এই সচিবের বড় ভূমিকা ছিল। আলাদা একটি সংস্থা প্রতিষ্ঠা না করে, বরং পর্যটন করপোরেশনকে শক্তিশালী করলে সেটিই হতো সঠিক সিদ্ধান্ত।
বেসরকারি খাত যদি লাভ করতে পারে, পর্যটন করপোরেশন কেন লোকসান গুনছে? এর মানে কোথাও শুভংকরের ফাঁকি আছে।
রাজধানীর আগারগাঁওয়ে ১৫ তলা পর্যটন ভবনে এখন দুই সংস্থার কার্যালয়। দুটি সংস্থার কাজের ধরন একই। তবে করপোরেশনকে নিজস্ব আয়ে চলতে হয় আর ট্যুরিজম বোর্ড চলে সরকারের টাকায়। আর পর্যটন করপোরেশনের চেয়ে বোর্ডের প্রতি সরকারের মনোযোগ বেশি। তা ছাড়া দেশি–বিদেশি মন্ত্রণালয় ও বিভাগগুলো বেশি যোগাযোগ করে ট্যুরিজম বোর্ডের সঙ্গে। এ বৈষম্য মানতে পারছে না পর্যটন করপোরেশন।
জানতে চাইলে সাবেক সচিব শফিক আলম মেহেদী বলেন, ট্যুরিজম বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে ২০১০ সালে আর পর্যটন করপোরেশন ১৯৭৩ সালে। তারা এত বছরে কেন উন্নতি করতে পারেনি? সেটা তাদের বলতে হবে। ট্যুরিজম বোর্ড গঠন করার কারণে নতুন কিছু কাজ হয়েছে। বিদেশে প্রচারণা বেড়েছে।
ট্যুরিজম বোর্ড চলে সরকারের টাকায় আর পর্যটন করপোরেশন নিজস্ব আয়ে—এ বৈষম্যের বিষয়ে সাবেক এই সচিব প্রথম আলোকে বলেন, বেসরকারি খাত যদি লাভ করতে পারে, পর্যটন করপোরেশন কেন লোকসান গুনছে? এর মানে কোথাও শুভংকরের ফাঁকি আছে।
নতুন একটি সংস্থা না করে পর্যটন করপোরেশনকে শক্তিশালী করা যেত কি না—এমন প্রশ্নের জবাবে শফিক আলম মেহেদী বলেন, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই আলাদা প্রতিষ্ঠান কাজ করছে। ওই সব দেশে পর্যটন করপোরেশন করে বাণিজ্যিক কাজ। আর বোর্ড করে পর্যটন উন্নয়নের কাজ। প্রতিষ্ঠার এত বছরেও যদি করপোরেশন নিজের পায়ে দাঁড়াতে না পারে, তাহলে বুঝতে হবে কোথাও গলদ আছে।
এদিকে পর্যটন করপোরেশনের কর্মকর্তাদের মতো সংস্থাটির সাবেক চেয়ারম্যান অপরূপ চৌধুরীও মনে করেন, ট্যুরিজম বোর্ড গঠনের প্রয়োজন ছিল না। কারণ, দুটি সংস্থা সমজাতীয় কাজ করে। ট্যুরিজম বোর্ড রাজস্ব খাত থেকে বেতন পায় আর পর্যটন করপোরেশন নিজের আয়ে চলে। এই বিভাজন কেন—জানতে চাইলে অপরূপ চৌধুরী প্রথম আলোকে বলেন, পর্যটন করপোরেশন দুর্বল অবস্থানে থাকার কারণে।
অপরূপ চৌধুরীর মতে, পর্যটন করপোরেশনে যেসব কর্মকর্তা যান, তাঁরা ঘনঘন বদলি হয়ে যান। সেখানে যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁদের দীর্ঘদিন থাকতে হবে। নিজস্ব জনবলকেও পদোন্নতি দিতে হবে। পদোন্নতি না হলে তাঁরা উদ্যম হারিয়ে ফেলবেন।
ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ বলেন, দুটি সংস্থার মধ্যে সাংঘর্ষিক কিছু নেই। পর্যটন করপোরেশন হোটেল–মোটেল আর প্রকল্প বাস্তবায়ন নিয়ে কাজ করছে। আর ট্যুরিজম বোর্ড পর্যটনের উন্নয়নে কাজ করছে। দুটি সংস্থা ভারসাম্য রেখে কাজ করছে।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, দুটি সংস্থার কাজ আলাদা। এতে কোনো সমস্যা হচ্ছে না।