আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির মুনাফার ওপর আরোপিত করপোরেট করের হার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সংগঠনটি মনে করে, এটি করা হলে কর ফাঁকি কমবে এবং অতালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে। কর ফাঁকির সুযোগ থাকায় অনেক ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। কম লাভ দেখিয়ে কর প্রতিষ্ঠানগুলো ফাঁকি দেয়। কিন্তু তালিকাভুক্ত কোম্পানির এমন অনৈতিকতার সুযোগ নেই।
ঢাকা চেম্বার ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা দুই লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করারও প্রস্তাব দিয়েছে।
সংগঠনটির যুক্তি, রাজনৈতিক অস্থিরতায় গত বছর মানুষের সঞ্চয়ের পরিমাণ ছিল কম। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি দুটোই বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা উচিত। এতে নতুন করদাতাদের উৎসাহিত হবেন। এতে কর ফাঁকিও কমবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে গতকাল বুধবার সংগঠনের বাজেট প্রস্তাবনা পেশ করেন ঢাকা চেম্বার নেতারা। চেয়ারম্যান এসব প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দেন। চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের নেতৃত্বে সংগঠনের সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক হায়দার আহমদ খান এ সময় উপস্থিত ছিলেন।
আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট যেন ব্যবসাবান্ধব ও শিল্প সহায়ক হয়, সেদিকে বিবেচনা করে ঢাকা চেম্বার এই প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনায় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) এবং আয়কর—এই তিনটি ভাগে মোট ৫৯টি প্রস্তাব ঠাঁই পেয়েছে।
আয়করের ক্ষেত্রে ঢাকা চেম্বার নারী ও বয়স্ক করদাতাদের করমুক্ত আয়সীমা দুই লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা এবং প্রতিবন্ধী করদাতার আয়সীমা তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করার সুপারিশ করেছে। এ ছাড়া ব্যক্তির আয় পাঁচ লাখ টাকার বেশি হলে ২০ শতাংশ হারে করারোপের প্রস্তাবও রয়েছে সংগঠনটির।
করপোরেট করের ক্ষেত্রে ডিসিসিআই প্রাইভেট লিমিটেড কোম্পানির মুনাফার ওপর করের হার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করা; তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের হারের পার্থক্য ১০ শতাংশে সীমাবদ্ধ রাখা; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা; মুঠোফোন অপারেটরদের করের হার ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা এবং যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে তাদের জন্য এ হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করেছে।
কোম্পানির লভ্যাংশ থেকে অর্জিত আয়ের ওপর করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব ঢাকা চেম্বারের। যুক্তি হলো, এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত হবে।
সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদের ওপর বর্তমানে ১০ শতাংশ কর কেটে রাখা হয়। এ বিধানটি চায় না ঢাকা চেম্বার। এটি করা গেলে ব্যক্তিপর্যায়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং সরকারের সঞ্চয় বাড়বে। সংগঠনটি শিল্পায়নের স্বার্থে কর অবকাশ সময়সীমা ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও করেছে।
বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বার্ষিক লেনদেন ৮০ লাখ টাকা পর্যন্ত হলে মূসক দিতে হয় না। এ ক্ষেত্রে ৩ শতাংশ হারে টার্নওভার ট্যাক্স দিতে হয়। এ ক্ষেত্রে ঢাকা চেম্বার এক কোটি টাকা পর্যন্ত লেনদেন মূসকের আওতামুক্ত রাখা এবং একই সঙ্গে টার্নওভার ট্যাক্সের কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।