করপোরেট ও ব্র্যান্ড বাজার মেলা আগস্টে
ঢাকায় আগামী ৭-৯ আগস্ট ‘করপোরেট ও ব্র্যান্ড বাজার’ নামে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সোনারগাঁও হোটেলে এ প্রদর্শনীর আয়োজন করবে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (বিডিইএমএস)।
আয়োজক প্রতিষ্ঠানটি আশা করছে, তিন দিনের এ প্রদর্শনীতে দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা প্রদর্শন করবে। এতে বিপুলসংখ্যক সাধারণ দর্শনার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক-কর্মকর্তা ও প্রতিনিধির সমাগম ঘটবে।
মেলার বিস্তারিত জানাতে গতকাল ঢাকার ফার্মগেটের দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বিডিইএমএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রাজু আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনী উপলক্ষে দেশে যেসব প্রতিষ্ঠান মানসম্পন্ন পণ্য বিক্রি বা সেবা প্রদান করে আসছে তার স্বীকৃতিস্বরূপ ‘প্রাইম ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার দেওয়া হবে। প্রায় ৪০টি বিভাগে দেওয়া হবে এ পুরস্কার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনী চলাকালে তিন দিনে ছয়টি সেমিনারের আয়োজন করা হবে। ব্যবসায়িক উন্নয়নে অনলাইন লেনদেন ও ই-কমার্স, বিক্রয় বৃদ্ধিতে ব্র্যান্ডিংয়ের ভূমিকা, ব্র্যান্ডিং ও বিপণনের পার্থক্য, করপোরেট এইচআর (মানবসম্পদ), লিডার মিট, তৈরি পোশাকশিল্পের উন্নয়নে বিপণন প্রভৃতি বিষয়ে অনুষ্ঠিত হবে এসব সেমিনার।