করপোরেট কর কমল, তবে মানতে হবে শর্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির করপোরেট করহার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট করে আবারও বড় ছাড় পেলেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা করপোরেট কর কমানোর দাবি করেছেন। ব্যবসায়ীদের এই দাবি পরপর তিন বছর মানলেন অর্থমন্ত্রী। শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির করহার এবারও আড়াই শতাংশ করে কমিয়েছেন তিনি।

তবে হ্রাসকৃত করপোরেট করহারের সুবিধা পেতে শর্ত আরোপ করা হয়েছে। এ শর্ত হলো বার্ষিক সর্বমোট ১২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ এবং সব ধরনের আয় ও প্রাপ্তি ব্যাংক লেনদেনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সেটি না হলে আড়াই শতাংশ কর কমানোর সুবিধা পাওয়া যাবে না। আগের মতোই কর দিতে হবে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পাবলিকলি ট্রেডেড বা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার বর্তমানে সাড়ে ২২ শতাংশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যারা পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে বাজারে ছেড়েছে, তাদের করপোরেট কর কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১০ শতাংশের কম শেয়ার আইপিওর মধ্যে হস্তান্তরিত হয়েছে, এমন কোম্পানি শর্ত পালনে ব্যর্থ হলে বিদ্যমান সাড়ে ২২ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ কর দিতে হবে।

আবার পাবলিকলি ট্রেডেড নয় এমন কোম্পানির করহার বর্তমানে ৩০ শতাংশ। এটি কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা হয়েছে। একক ব্যক্তির কোম্পানির করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২২ শতাংশ করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিসংঘ ও কৃত্রিম ব্যক্তিসত্তা ও অন্যান্য করযোগ্য সত্তার করহার আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা হয়েছে। এসব ক্ষেত্রেও শর্ত প্রযোজ্য।

ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, সিগারেট, মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানসহ অন্যান্য শ্রেণির করপোরেট করহার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে মুঠোফোন কোম্পানির করপোরেট করহার ৪৫ শতাংশ।

তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুঠোফোন অপারেটর কোম্পানির করহার ৪০ শতাংশ। অন্যদিকে সিগারেট ও তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের করহার ৪৫ শতাংশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট করহার সাড়ে ৩৭ শতাংশ।

শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানকে ৪০ শতাংশ কর দিতে হয়। তবে নতুন কয়েকটি ব্যাংকের জন্য বিশেষ করছাড় আছে।

আরও পড়ুন

ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশি করপোরেট কর হওয়ার কারণে বিনিয়োগ আকৃষ্ট করা যাচ্ছে না। ব্যবসায়ও খরচ বাড়ে। বিনিয়োগ আকৃষ্ট করতে উচ্চ করপোরেট করহার একটি বড় বাধা।

রপ্তানি খাতের উদ্যোক্তাদের জন্যও সুখবর এসেছে। পোশাক খাতের মতো সব রপ্তানি খাতের প্রতিষ্ঠানের করহার ১২ শতাংশ এবং সবুজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে তৈরি পোশাকসহ রপ্তানি খাতের উৎসে কর হার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। আর বস্ত্র খাতের সব শিল্পের ১৫ শতাংশ করহারের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে। এর মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, করপোরেট করের ৭০-৮০ শতাংশ আদায় হয় উল্লেখিত শ্রেণিভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। সর্বশেষ হিসাবে, এনবিআরে নিবন্ধিত (টিআইএন) করদাতা কোম্পানির সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৪২৮।

গত পৌনে দুই বছরে প্রায় ৯০ হাজার নতুন কোম্পানি টিআইএন নিয়েছে। এনবিআরের নিয়ম অনুযায়ী, লাভ-লোকসান নির্বিশেষে সব কোম্পানির রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

এনবিআর সূত্রে জানা গেছে, প্রতিবছর ২৮ থেকে ৩০ হাজার কোম্পানি রিটার্ন জমা দেয়। গত অর্থবছরে (২০২০-২১) ৫২ হাজার ৫৪৫ কোটি টাকার করপোরেট কর আদায় করেছে এনবিআর। রিটার্ন জমা দিয়েছে ২৯ হাজার ৭৮৫টি কোম্পানি।