
বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর কমানোর যে দাবি উঠেছিল, তা পাত্তা পেল না বাজেট প্রস্তাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করপোরেট কর হার এখনকার মতো রাখার প্রস্তাব দিয়ে বলেছেন, বাংলাদেশে করপোরেট কর হার বেশি, এ ধারণা ঠিক নয়।
তবে ব্যাংক, বিমা, মোবাইল ফোন কোম্পানি—ইত্যাদি ক্ষেত্রে যাদের কর হার ৪০ শতাংশের বেশি, তা আগামী বছরগুলোতে পর্যায়ক্রমে ৪০ শতাংশে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা প্রায়ই বলি, এ দেশে করপোরেট কর হার খুব বেশি। কিন্তু খুঁটিনাটি পরীক্ষা করে দেখা গেছে, সে ধারণা ঠিক নয়।’
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে পুঁজিবাজারে নিবন্ধিত প্রতিষ্ঠানের করপোরেট কর হার ২৫ শতাংশ, যা বৈশ্বিক গড় হারের কাছাকাছি। বৈশ্বিক গড় হার হলো ২৪ দশমিক ২৯ শতাংশ। অনেক আঞ্চলিক ও উপআঞ্চলিক গড় কর হারের তুলনায় বাংলাদেশে করপোরেট কর কম বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
বর্তমানে পুঁজিবাজারে নিবন্ধিত নয়, এমন কোম্পানির কর হার ৩৫ শতাংশ। পুঁজিবাজারে নিবন্ধিত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ হার ৪০ শতাংশ। মার্চেন্ট ব্যাংক কর দেয় ৩৭ দশমিক ৫ শতাংশ হারে। তামাক পণ্য উৎপাদনকারী কোম্পানি, পুঁজিবাজারে অনিবন্ধিত মোবাইল ফোন কোম্পানির ওপর ৪৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। অবশ্য পুঁজিবাজারে নিবন্ধিত মোবাইল ফোন কোম্পানি ৪০ শতাংশ হারে করপোরেট কর দেওয়ার সুযোগ পায়। অন্যদিকে লভ্যাংশ আয়ের ওপর ২০ শতাংশ কর আরোপ করা আছে।
গত ১৯ মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছিলেন, তিনি ১০ বছর ধরে বলছেন, করপোরেট কর কমানোর দাবি যৌক্তিক। আগামী দুই বাজেটে এটি অন্তত যৌক্তিক হবে। তবে ৩০ এপ্রিল এনবিআর ও এফবিসিসিআইয়ের যৌথ পরামর্শক সভায় তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। তিনি এটি যৌক্তিক করার সুপারিশ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) রূপালী চৌধুরী বলেন, ‘আমরা হতাশ। অর্থমন্ত্রী করপোরেট কর কমানোর আশ্বাস দিয়েছিলেন। এখন দেখছি কমেনি।’