করপোরেট কর কমানো সম্ভব হবে না: মুহিত
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে করপোরেট কর (বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয়কর) কমানো সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল মঙ্গলবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন। সংগঠনের পরিচালক আমির হোসেন খান, আবদুল হক, হুমায়ুন খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আগামী বাজেটে করপোরেট কর কমানোর দাবি জানানো হলে বাংলাদেশে এই করের হার অনেক বেশি বলে স্বীকার করেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে করপোরেট কর হার অনেক বেশি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোও এর আওতায় পড়ে যাচ্ছে। কিন্তু তাহলেও এবারের বাজেটে তা কমানো সম্ভব হবে না।’এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সহায়ক নীতিমালাসংক্রান্ত সাত দফা, আমদানি শুল্কসংক্রান্ত তিন দফা, মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত তিন দফা ও আয়কর-সম্পর্কিত আট দফা—অর্থাৎ মোট ২১ দফা প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।এফবিসিসিআইয়ের নেতারা বাজেটে ঘাটতি না রাখা, বাস্তবায়নযোগ্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়ন, জ্বালানি খাতে অধিক বরাদ্দ ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ, করের বোঝা না বাড়ানো, কর ফাঁকি রোধে সুনির্দিষ্ট কর নির্ধারণ ও শুল্কায়ন পদ্ধতি স্বয়ংক্রিয় করা এবং রুগ্ণ শিল্পে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করেন। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব দেয় এফবিসিসিআই।সংগঠনটি এ ছাড়া তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত বিভিন্ন কোম্পানির করপোরেট করের হার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ, ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩২ দশমিক ৫ শতাংশ এবং ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেয়। জবাবে যৌক্তিক বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ ঠিক করবে। আর বাজেট ঘাটতি আমাদের খুব বেশি নয়। বরং এই ঘাটতি থাকাটাই আমাদের জন্য দরকার।’