করপোরেট কর কমানোর দাবি মার্চেন্ট ব্যাংকারদের
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মতো মার্চেন্ট ব্যাংকের ওপর বিদ্যমান করপোরেট কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে একটি হোটেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলো সাড়ে ৩৭ শতাংশ হারে কর দিয়ে থাকে। ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করপোরেট কর সাড়ে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মার্চেন্ট ব্যাংকের কর-হার কমানোর দাবি জানিয়েছে বিএমবিএ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএমবিএর সহসভাপতি আখতার এইচ সান্নামাত। এ সময় সংগঠনটির সভাপতি তানজিল চৌধুরী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, নির্বাহী সদস্য মনিরুজ্জামানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আক্তার এইচ সান্নামাত বলেন, ‘প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর আড়াই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কিন্তু তালিকাভুক্ত নয় কোম্পানি হিসেবে মার্চেন্ট ব্যাংকের ওপর থেকে তা কমানো হয়নি। তাই আমরা মার্চেন্ট ব্যাংকের ওপর ৩৫ শতাংশ করারোপের দাবি জানাচ্ছি।’
বিএমবিএর সহসভাপতি একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর-হার কমানোর দাবি জানান। বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৪২ শতাংশ হারে কর আরোপ রয়েছে।
এর পক্ষে যুক্তি দিয়ে আখতার এইচ সান্নামাত বলেন, বর্তমানে বাজারের খারাপ পরিস্থিতিতে মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক সংকটের মধ্যে রয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলো বর্তমানে সব মিলিয়ে এক হাজার ২০০ কোটি টাকা ক্ষতিতে রয়েছে। এ অবস্থায় করপোরেট কর কমানো হলে মার্চেন্ট ব্যাংকের জন্য সুবিধা হবে। পাশাপাশি এ ক্ষেত্রে ইতিবাচক দিকনির্দেশনা পেলে পুঁজিবাজারেও তার প্রভাব পড়বে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আখতার এইচ সান্নামাত বলেন, ‘প্রস্তাবিত বাজেট নিয়ে আমরাও হতাশ হয়েছি। আমাদের প্রস্তাবিত দাবিগুলো আমলে নেওয়া হয়নি। উল্টো আমাদের “ফাটকাবাজ” বলা হচ্ছে।’ পুঁজিবাজার স্থিতিশীলতার স্বার্থে এ-জাতীয় শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘পুঁজিবাজারের সবাই ফাটকাবাজ নন।’