করপোরেট কর কমানোর প্রস্তাব এফসিসিআইয়ের
করপোরেট কর কমানোর সুপারিশ করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই)। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ৩০ শতাংশ, তালিকাভুক্ত কোম্পানি ২৫ শতাংশ ও মোবাইল ফোন অপারেটরদের জন্য সাড়ে ৩২ শতাংশ হারে কর নির্ধারণের প্রস্তাব করেছে এফসিসিআই। বর্তমানে এ শ্রেণিভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে কর হার যথাক্রমে ৩৫ শতাংশ, সাড়ে ২৭ শতাংশ ও ৪৫ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত চলমান প্রাক্-বাজেট আলোচনায় এফসিসিআই গতকাল রোববার এ প্রস্তাব করে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সংস্থার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এফসিসিআইয়ের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি রূপালী চৌধুরী।
করের আওতা বৃদ্ধি করার প্রস্তাব করে রূপালী চৌধুরী বলেন, ‘এতে বিদ্যমান করদাতাদের ওপর করের বোঝা কমবে। করপোরেট কর ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ভারত আগামী চার বছরে ২৫ শতাংশ করপোরেট কর কমানোর পরিকল্পনা করেছে। আমাদেরও সুদূরপ্রসারী চিন্তাভাবনা থাকতে হবে।’
অন্যদিকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে এফসিসিআই। এ সংগঠনের প্রস্তাব হলো তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা, তার পরের পাঁচ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী ১০ লাখ টাকার জন্য ২০ শতাংশ ও পরবর্তী আয়ের জন্য ২৫ শতাংশ হারে কর নির্ধারণ। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতা খাতে খরচ করা অর্থ পুরোপুরি কর ছাড়ের মধ্যে রাখার দাবি জানিয়েছে এফসিসিআই।
মোবাইল ফোনের সিমকার্ডের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের এ চেম্বার। তারা বলছে, দেশে মোবাইল ফোন ব্যবহার সম্প্রসারণে সিমকার্ড কর একটি প্রতিবন্ধক। মোবাইল ফোন ব্যবহারের বিস্তার লাভের সঙ্গে দেশের আর্থসামাজিক উন্নয়নও হচ্ছে। আর সিমকার্ডের ওপর কর প্রত্যাহার করা হলে দেশে সুবিধাবঞ্চিত মানুষও মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।
এ ছাড়া আমদানি শুল্ক হার পুনর্বিন্যাস করার প্রস্তাব করেছে এফসিসিআই। প্রস্তাবিত শুল্ক হার হলো শূন্য শতাংশ, পাঁচ শতাংশ, ১০ শতাংশ ও ২০ শতাংশ। এ প্রস্তাবের কারণ হিসেবে চেম্বার বলছে, পণ্যের দাম কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শুল্ক হার হ্রাস করা উচিত।
এ ছাড়া নবজাতক ও শিশুদের জীবন রক্ষার কিছু পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে এফসিসিআই। তারা মনে করে, এসব পণ্য শিশুর জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয়।
নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে ঢালাওভাবে কর নির্ধারণে রেয়াতি হারে মূসক আরোপের প্রস্তাব করেছে এফসিসিআই। পরামর্শক ও তদারকি প্রতিষ্ঠান, নিরীক্ষা ও হিসাব প্রতিষ্ঠান, নিরাপত্তাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, আইন পরামর্শক, পরিবহন ঠিকাদার ও মানবসম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য সাড়ে চার শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করেছে এ সংগঠনটি।
মূল্য ঘোষণা অনুমোদন-সংক্রান্ত বিধিমালা বাতিল করার সুপারিশ করেছে এফসিসিআই। তাদের প্রস্তাবে বলা হয়েছে, করদাতারা শুধু বিক্রয়মূল্য ঘোষণা করবেন। মূসক কর্মকর্তার এ মূল্য হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা বাতিল করতে হবে। করদাতার ঘোষিত মূল্যের অধিক হারে পণ্য বিক্রয় করছে—এমন দালিলিক প্রমাণ পাওয়া গেলেই ওই করদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।