করপোরেট কর কমানোর সুপারিশ মেট্রো চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে করপোরেট করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গতকাল রোববার আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় সংগঠনটি এ দাবির যৌক্তিকতা তুলে ধরে। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান। আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিষয়ে ৮৯টি প্রস্তাব দাখিল করে এমসিসিআই। প্রস্তাবগুলো তুলে ধরেন সংগঠনের পর্ষদ সদস্য আদিব এইচ খান।
এমসিসিআইয়ের প্রস্তাবে বলা হয়, বর্তমানে ব্যাংক, বিমা ও অন্য আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট করহার সাড়ে ৪২ শতাংশ। প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার অন্য দেশের করপোরেট করহারের তুলনা করলে বাংলাদেশের হার অনেক বেশি।
এ ছাড়া ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা বিদ্যমান দুই লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। মহিলা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের তিন লাখ টাকা ও প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এমসিসিআই ট্রাইব্যুনালে আপিল দায়েরের ক্ষেত্রে কর পরিশোধের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা, আমদানি পর্যায়ে অগ্রিম কর বিদ্যমান ৫ শতাংশ থেকে কমিয়ে আড়াই শতাংশ করা, বিদেশ ভ্রমণ খরচের সীমা প্রত্যাহার, পর্যটনশিল্পের কর অবকাশ পুনঃ প্রবর্তন করা, আয়কর, সারসার্জ ও অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে করের কাঠামো যৌক্তিক করা, তালিকাভুক্ত কোম্পানি ২০ শতাংশের বেশি লভ্যাংশ দিলে রেয়াতের হার যৌক্তিক উপায়ে বাড়ানোর প্রস্তাব করা হয়।
রোকেয়া এ রহমান বলেন, ‘রাজনৈতিক সমস্যা থেকে দেশ বেরিয়ে এলেও বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামো সমস্যা রয়ে গেছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এসব সমস্যা সমাধানের পাশাপাশি প্রণোদনা দেওয়া প্রয়োজন।’
গোলাম হোসেন বলেন, এনবিআরের সব কার্যক্রম আগামী এক বছরের মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে যাবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সহায়তা দরকার।
এদিকে গতকাল সকালে আরেক বাজেট সভায় মুনাফার ওপর দ্বৈতকর ও সঞ্চিতির ওপর আরোপিত করসহ বিভিন্ন পর্যায়ে কর প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট কর বিদ্যমান সাড়ে ৩৭ শতাংশ থেকে নামিয়ে সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়।
একই আলোচনায় চোরাচালানরোধে মসলার ওপর শুল্ক কমানোর দাবি করেছেন মসলা ব্যবসায়ীরা। তাঁদের দাবি, আমদানি পর্যায়ে শুল্ক অনেক বেশি হওয়ায় ৭৫ শতাংশ মসলাই চোরাই পথে দেশে প্রবেশ করে। বর্তমানে গরম মসলার আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে ৯২ শতাংশ। শুল্ক কমালে ব্যবসায়ীরা বৈধপথে মসলা আমদানিতে উৎসাহিত হবেন।