করপোরেট কর নিয়ে ঐতিহাসিক ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর প্রায় সব দেশ কোনো এক ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে, এমন নজির খুব একটা দেখা যায় না। তবে এবার একটি ব্যাপারে তাদের ঐকমত্য দেখা যাচ্ছে। সেটা হলো, দৈত্যাকার হয়ে ওঠা বহুজাতিক কোম্পানিগুলোর লাগাম টেনে ধরা। চার সপ্তাহ আগে জি৭-এর বৈঠকে ধনী দেশগুলোর এই বহুজাতিক কোম্পানিগুলোর ওপর করপোরেট করারোপে ঐতিহাসিক ও বৈশ্বিক ঐকমত্যে পৌঁছার পর ১ জুলাই এক অনলাইন ফোরামে ধনী দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোও এই ঐকমত্যে পৌঁছেছে।

পাঁচ পৃষ্ঠার এক নথিতে সই করেছে তারা। মূলত দুটি বিষয়ে এই ঐকমত্য—এক. বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফায় ন্যূনতম করারোপ। দুই. এই কোম্পানিগুলো যেখানে ব্যবসা করে সেখানেও করারোপ করার অধিকার প্রতিষ্ঠা বা স্থানান্তর; এখন যেখানে তারা নিবন্ধিত ছিল, সেখানেই শুধু করারোপ করা যায়। নতুন এই কর অধিকারের বিপরীতে সরকারগুলো অবশ্য একতরফা কিছু পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে, যেমন দৈত্যাকার হয়ে ওঠা প্রযুক্তি কোম্পানিগুলোতে করারোপ। এ রকম একটি বিষয়ে এতগুলো দেশের একমত হওয়া প্রকৃত অর্থেই বড় ব্যাপার। তা সত্ত্বেও করপোরেট করারোপের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে আরও অনেক কিছু করার বাকি আছে।

বহুজাতিকেরা এক জায়গায় ব্যবসা করে আর আরেক জায়গায় মুনাফা দেখায়, এই ফাঁকিবাজি বন্ধ করার জন্য অনেক দিন ধরেই চেষ্টা চলছে। বৈশ্বিক অর্থনীতি ডিজিটাইজড হওয়ার কারণে এই ফাঁকিবাজির পরিসর দিন দিন আরও বড় হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, করপোরেট কোম্পানিগুলো অস্থাবর সম্পত্তির নিবন্ধন করছে ট্যাক্স হেভেন বা যেখানে করহার খুব কম, তেমন দেশগুলোতে। ২০১৮ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক সমীক্ষায় দেখা গেছে, কোনো দেশে করপোরেট করহার ১ শতাংশ হ্রাস করার অর্থ হলো, কর-পূর্ব মুনাফা ১ দশমিক ৫ শতাংশ হ্রাস করা। এই হার দিনের পর দিন শুধু বাড়ছে। বিভিন্ন দেশ এই পলায়নরত মুনাফা হাত করতে করহার কেবল কমাচ্ছে।

এই টাকা পাচারের কারণে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো রাজস্ব হারাচ্ছে। বহুজাতিক কোম্পানিগুলোর ওপর যে ন্যূনতম ১৫ শতাংশ করারোপ করা হয়েছে, তাতে এই কোম্পানিগুলোর ট্যাক্স হেভেনে টাকা পাচার করার প্রবণতা কিছুটা কমবে। আর বহুজাতিকদের ব্যবসাস্থলে করারোপ করার যে অধিকার দেশগুলোর হাতে আসছে, তাতে যা ঘটবে তা হলো করের ভিত্তি নিয়ে জালিয়াতি করার অধিকার বহুজাতিকদের কমবে।

এই ঐকমত্যের আওতায় ধীরে ধীরে অন্যান্য কোম্পানিও আনা হবে। প্রথমত, যাদের বৈশ্বিক টার্নওভার দুই হাজার কোটি ইউরোর ওপরে, তাদের ওপরই এই করারোপ করার অধিকার পাবে দেশগুলো, অর্থাৎ ব্যবসাস্থলে করারোপ করার অধিকার। এই প্রক্রিয়া সফল হলে পর্যায়ক্রমে এই মানদণ্ড এক হাজার কোটি ইউরোতে নামিয়ে আনা হবে। এরপর আসবে ডিজিটাল কোম্পানিগুলো। অনিবাসী কোম্পানি হিসেবে কর ফাঁকির সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে তারা। প্রস্তাব হচ্ছে, কোনো দেশ থেকে তাদের রাজস্ব আহরণের পরিমাণ ১০ লাখ ইউরো অতিক্রম করলে সেই দেশ তাদের ওপর কিছুটা করারোপ করতে পারবে। আর যেসব দেশের জিডিপির আকার ৪ হাজার কোটি ইউরোর কম, তাদের ক্ষেত্রে সেই সীমা দাঁড়াবে ২ লাখ ৫০ হাজার ইউরো।

ঐকমত্যটা ঠিক এ রকম হয়েছে। আরও ঠিক হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে এ–বিষয়ক প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়ন করা হবে। কোনো কোনো দেশ চাচ্ছে, বহুজাতিকদের এই করপোরেট করহার ন্যূনতম ১৫ শতাংশ করা হোক। অনেকে আবার এর চেয়েও বেশি চাচ্ছে। এ ছাড়া ন্যূনতম কত মুনাফা হলে করারোপ করা যাবে, ব্যবসাকেন্দ্রে কত মুনাফা হলে করারোপ করা যাবে বা দেশগুলোর একপাক্ষিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কতটা প্রত্যাহার করা হবে, এসব নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণের সুযোগ আছে।

এখানেই শেষ নয়, ২০২২ সালে এই করারোপ করার অধিকার স্থানান্তরবিষয়ক আন্তর্জাতিক চুক্তি করতে হবে। আর তা বাস্তবায়ন করতে হবে ২০২৩ সালে। তবে ঐকমত্যে বলা হয়েছে, চুক্তি ছাড়াই দেশগুলো ২০২২ সালে ন্যূনতম করারোপ করে ২০২৩ সালে বাস্তবায়ন করতে পারবে।

এই ঐকমত্য নিঃসন্দেহে বড় এক ধাপ। তবে কাজ এখনো অনেক বাকি।

সূত্র: দ্য ইকোনমিস্ট