করপোরেট কর মওকুফের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিকল্প বিনিয়োগ তহবিলকে করমুক্ত করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি)। তবে সংগঠনটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর করপোরেট কর ১০ বছরের জন্য মওকুফের দাবি জানিয়েছে। এ করের হার বর্তমানে ৩৫ শতাংশ।

করপোরেট কর মওকুফের দাবির ক্ষেত্রে তাদের যুক্তি হলো, বাংলাদেশে এ ধরনের প্রতিষ্ঠান সবে যাত্রা শুরু করেছে। তারা নতুন উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে, যা অনেক ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বিশ্বের অনেক দেশেই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি করপোরেট করমুক্ত। ভিসিপিইএবি মনে করে, বাংলাদেশে ব্যাংক ও পুঁজিবাজার থেকে অর্থের জোগান পেতে অক্ষম নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন জোগান দিতে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি প্রতিষ্ঠিত হওয়া দরকার। এ জন্য তাদের কর অবকাশ সুবিধা দেওয়া উচিত।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল রোববার প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিসিপিইএবি এসব কথা বলেছে। তারা আরও বলেছে, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে কর অবকাশ সুবিধা দেওয়া হলে এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, ভেঞ্চার ক্যাপিটাল ব্যবস্থাপনা কোম্পানিগুলো দেশি-বিদেশি ব্যাংক, বিমা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নতুন উদ্যোক্তাদের উদ্যোগে গঠিত প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এর বদলে তারা ওই প্রতিষ্ঠানের মালিকানার অংশীদার হয়। একটা সময় পরে কোম্পানি লাভজনক হলে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের হাতে থাকা মালিকানার অংশ কিনে নিতে পারে।

বিশ্বজুড়ে ভেঞ্চার ক্যাপিটাল ব্যাপক প্রচলিত উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ফেসবুক, গুগলের মতো প্রতিষ্ঠান ভেঞ্চার ক্যাপিটালের সহায়তা নিয়ে গড়ে উঠেছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১০টি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান আছে। যারা প্রায় ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। ই-কমার্স সাইট বাগডুম, আজকেরডিল, সহজডটকম, মোটরসাইকেল উৎপাদক প্রতিষ্ঠান রানার অটোমোবাইল ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে গড়ে উঠেছে। ২০১৫ সালে বিকল্প বিনিয়োগ তহবিল বিধি করার মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে গড়ে ওঠার সুযোগ দেয় সরকার।

অনুষ্ঠানে ভিসিপিইএবির সভাপতি শামীম আহসান বলেন, দেশে অনেক অলস অর্থ আছে। এসব অর্থ কোথায় বিনিয়োগ করা যাবে, তা মালিকেরা জানেন না। এসব অর্থ ভেঞ্চার ক্যাপিটালে আসতে পারে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখন বিদেশি ঋণের প্রতি ঝুঁকছে। ফলে বিদেশি প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশের নির্ভরতা তৈরি হচ্ছে। ভেঞ্চার ক্যাপিটাল আগামী দুই বছরে ৫০ কোটি ডলারের বিনিয়োগ করতে পারবে।

ভিসিপিইএবির কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম বলেন, সাধারণ ঋণ মানেই জামানত লাগবে। কিন্তু ভেঞ্চার ক্যাপিটালে জামানত লাগে না। ভিসিপিইএবির পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, নতুন উদ্যোক্তাদের ব্যাংক ঋণ দেয় না। পুঁজিবাজার থেকেও তাদের পক্ষে মূলধন জোগানো সম্ভব নয়। এ ধরনের নতুন উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল।

অনুষ্ঠানে ভিসিপিইএবির মহাসচিব শওকত হোসেনসহ এ খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।