করপোরেট কর কম দিতে চান ব্যবসায়ীরা। তাঁরা সব ধরনের কোম্পানির করপোরেট কর হার কমানোর প্রস্তাব দিয়েছেন। আবার ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ২৫ হাজার টাকা করার সুপারিশ করেছেন তাঁরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেটে এসব প্রস্তাব দিয়েছে। আর নতুন মূসক আইন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে অভিন্ন ১৫ শতাংশ হারে মূসক আরোপের পরিবর্তে বিভিন্ন খাতে রেয়াতি হারে মূসক দেওয়ার প্রস্তাব করেছে এফবিসিসিআই।
আগামী অর্থবছরের বাজেট নিয়ে আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ পরামর্শক সভা অনুষ্ঠিত হবে। এতে এফবিসিসিআই আয়কর, মূসক ও শুল্ক-এই তিন খাতে আনুষ্ঠানিকভাবে এসব প্রস্তাব দেবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি থাকবেন।
আয়কর
আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ব্যক্তি পর্যায়ের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ২৫ হাজার টাকা করার কথা বলেছে শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি মহিলা ও ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, প্রতিবন্ধীদের জন্য ৪ লাখ, প্রতিবন্ধীদের পিতা-মাতার জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে।
৫ কোটি টাকা পর্যন্ত সম্পদধারীদের আয়করে সারচার্জ ছাড় চেয়েছে সংগঠনটি। যাঁদের ৫ কোটি টাকার কম সম্পদ আছে, তাঁদের আয়করে যেন সারচার্জ বসানো না হয়—এ দাবিই ব্যবসায়ীদের। বর্তমানে যাঁদের সোয়া ২ কোটি টাকার বেশি সম্পদ আছে, তাঁদের আয়করের ওপর বিভিন্ন হারে সারচার্জ আরোপ আছে।
করপোরেট করের ক্ষেত্রে এফবিসিসিআইয়ের প্রস্তাব হলো, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের করপোরেট কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২২ শতাংশ; শেয়ারবাজারে তালিকাবহির্ভূত অন্য উৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০ শতাংশ (মূসক নিবন্ধনের শর্ত থাকবে); অন্য ব্যবসায় প্রতিষ্ঠানের সাড়ে ৩২ শতাংশ কর আরোপ। এ ছাড়া যেসব ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত, তাদের কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর হার কমিয়ে ৪০ শতাংশ এবং মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৫ শতাংশ করার সুপারিশ করেছে সংগঠনটি।
প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে এফবিসিসিআই বলছে, প্রতিষ্ঠানগুলো অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করে। আমদানিসহ বিভিন্ন পর্যায়ে কর দিয়ে অর্থনীতিতে ব্যক্তির চেয়ে বেশি ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের কোম্পানি করদাতাদের আয়ের স্বচ্ছতাও বেশি।
মূল্য সংযোজন কর বা মূসক
শুধু মূল্য সংযোজনের ওপরেই কর আরোপের প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। এ ছাড়া বেশ কিছু খাতে রেয়াতি হারে মূসক আরোপের প্রস্তাবও দেওয়া হয়েছে। যেমন আবাসিক ভবন ও ফ্ল্যাট সরবরাহে দেড় শতাংশ; লৌহ ও ইস্পাতশিল্পে দশমিক ৭৫ শতাংশ; জুয়েলারি খাতে দেড় শতাংশ মূসক আরোপ করা। আবার যাঁরা নতুন আইনে উপকরণ রেয়াত নিতে পারবেন না; তাঁদের ওপর সাড়ে ৪ শতাংশ হারে মূসক আরোপ করার সুপারিশ করা হয়েছে। ৩৬ লাখ টাকা থেকে ৫ কোটি টাকার লেনদেন পর্যন্ত ৩ শতাংশ হারে টার্নওভার কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
আমদানি শুল্ক
আগামী বাজেটে সংগঠনটি দেশীয় শিল্পের বিকাশ, বর্ধিত হারে উৎপাদন, কর্মসংস্থান এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে আমদানি পর্যায়ে শুল্কস্তর পুনর্বিন্যাসের প্রস্তাব করেছে। যেমন, যেসব মৌলিক কাঁচামাল দেশে উৎপাদিত হয় না; সেই সব কাঁচামালে অগ্রিম কর ও অগ্রিম ব্যবসায় কর ছাড় দিয়ে শুধু ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা। মধ্যবর্তী কাঁচামাল এবং প্রস্তুত ও সেমিপ্রস্তুত উপকরণ পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ চায় এফবিসিসিআই।