করপোরেট খাতের ৬৬ প্রতিষ্ঠান পেল আইসিএমএবির পুরস্কার
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) করপোরেট সুশাসনের জন্য দেশের ৬৬ প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে।
রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে ১৪টি শ্রেণিতে ওই সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এতে জানানো হয়, প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের গুণগতমানের ওপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (বিএসইসি) এম খায়রুল হোসেন। আইসিএমএবির সভাপতি মোহাম্মদ সেলিম এতে স্বাগত বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। সবার চেষ্টায় বিশ্বমন্দা আমরা যেভাবে মোকাবিলা করেছি, বর্তমান সংকটও সেভাবে মোকাবিলা করতে পারব বলে আমি আশাবাদী।’
রাষ্ট্রায়ত্ত ব্যাংক শ্রেণিতে জনতা ব্যাংক প্রথম, অগ্রণী ব্যাংক দ্বিতীয় ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) তৃতীয় হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (সাধারণ) শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছে ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল)। ইস্টার্ন ব্যাংক (ইবিএল) দ্বিতীয় ও ঢাকা ব্যাংক তৃতীয় এবং সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও প্রাইম ব্যাংক সম্মানসূচক পুরস্কার পেয়েছে।
বিদেশি বাণিজ্যিক ব্যাংক শ্রেণিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথম, এইচএসবিসি ব্যাংক দ্বিতীয় ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন তৃতীয় হয়েছে। বাণিজ্যিক ব্যাংক (ইসলামী) শ্রেণিতে সেরা ব্যাংকের পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক, দ্বিতীয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও তৃতীয় এক্সিম ব্যাংক। এ শ্রেণিতে সম্মানসূচক পুরস্কার পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান শ্রেণিতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রথম, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি দ্বিতীয় ও ডেল্টা ব্র্যাক হাউজিং তৃতীয় হয়েছে। এ শ্রেণিতে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও আইডিএলসি সম্মানসূচক পুরস্কার পেয়েছে।
সাধারণ বিমা (নন-লাইফ) শ্রেণিতে রিলায়েন্স ইনস্যুরেন্স প্রথম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স দ্বিতীয় ও পাইওনিয়ার ইনস্যুরেন্স তৃতীয় এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স ও ফিনিক্স ইনস্যুরেন্স সম্মানসূচক পুরস্কার পেয়েছে।
ফার্মাসিউটিক্যালস শ্রেণিতে স্কয়ার ফার্মা প্রথম, বেক্সিমকো ফার্মা দ্বিতীয় ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ তৃতীয় হয়েছে। সম্মানসূচক পুরস্কার পেয়েছে রেনেটা, এসিআই ও এক্সি ল্যাবরেটরিজ।
বিদ্যুৎ উৎপাদন শ্রেণিতে সামিট পাওয়ার প্রথম, সামিট পূর্বাঞ্চল পাওয়ার দ্বিতীয় ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি তৃতীয় এবং খুলনা পাওয়ার কোম্পানি ও বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস সম্মানসূচক পুরস্কার পেয়েছে।
বহুজাতিক প্রতিষ্ঠান শ্রেণিতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো প্রথম, বার্জার পেইন্টস বাংলাদেশ দ্বিতীয় ও সিঙ্গার বাংলাদেশ তৃতীয় হয়েছে। সম্মানসূচক পুরস্কার পেয়েছে ম্যারিকো ও বাটা।
সিমেন্ট উৎপাদন শ্রেণিতে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ প্রথম, লাফার্জ সুরমা দ্বিতীয় ও এমআই সিমেন্ট তৃতীয় এবং কনফিডেন্স, প্রিমিয়ার ও মেঘনা সিমেন্ট সম্মানসূচক পুরস্কার পেয়েছে।
বস্ত্র খাতে সায়হাম টেক্সটাইল প্রথম, ফারইস্ট নিটিং ও ডায়িং দ্বিতীয় এবং মতিন স্পিনিং তৃতীয় পুরস্কার পেয়েছে।
বিশেষ শ্রেণিতে গ্রামীণ ব্যাংক প্রথম, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি দ্বিতীয়, পাওয়ার গ্রিড কোম্পানি তৃতীয় হয়েছে। সম্মানসূচক পুরস্কার পেয়েছে খুলনা শিপইয়ার্ড, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও ডিপিডিসি। এনজিও শ্রেণিতে ব্র্যাক প্রথম, ঢাকা আহছানিয়া মিশন দ্বিতীয়, উদ্দীপন তৃতীয় ও সাজিদা ফাউন্ডেশন সম্মানসূচক পুরস্কার পেয়েছে।
টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন প্রথম ও বাংলালিংক দ্বিতীয় পুরস্কার পেয়েছে।