করপোরেট গভর্নেন্স গাইডলাইনের গেজেট প্রকাশ
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে করপোরেট গভর্নেন্স গাইডলাইন বা প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা পরিপালন করতে হবে। গতকাল সোমবার এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসি সূত্রে আজ মঙ্গলবার এ তথ্য জানা যায়।এর আগে গত ২৯ মে এসইসির নিয়মিত সভায় করপোরেট গভর্নেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা এসইসি। ওই দিন এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করপোরেট গভর্নেন্স গাইডলাইনটি “কমপ্লাই” অথবা “এক্সপ্লেইন” ভিত্তিতে এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলো পরিপালন করলেও এখন থেকে (কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পর) তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তা বাধ্যতামূলক পরিপালন করতে হবে।’বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট গভর্নেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনীটি জনমত জরিপ করা হয়। জনমত জরিপ শেষে গত ২৯ মে প্রস্তাবিত ওই সংশোধনীটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন এই গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানিকে পেশাদার অ্যাকাউন্ট্যান্ট বা সেক্রেটারির (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড সেক্রেটারি) কাছ থেকে করপোরেট গভর্নেন্স গাইডলাইনের শর্ত পরিপালনের সার্টিফিকেট বা নিবন্ধন সনদ গ্রহণ করে তা প্রতিবছর বার্ষিক প্রতিবেদনের সঙ্গে শেয়ারহোল্ডারদের দিতে হবে। এ ছাড়া গাইডলাইনের শর্ত পরিপালন করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কোম্পানির পরিচালকদের নির্ধারিত ফরমে এসইসিকে অবহিত করতে হবে।প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স আরও যুগোপযোগী করার সিদ্ধান্ত নেয় এসইসি। এ লক্ষ্যে করপোরেট গভর্নেন্স গাইডলাইনের পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধনের কার্যক্রম হাতে নেয় সংস্থাটি। ১৪ ফেব্রুয়ারি এসইসির কমিশন সভায় কোম্পানির করপোরেট গভর্নেন্স নীতিমালার খসড়া সংশোধনী চূড়ান্ত করা হয়। করপোরেট গভর্নেন্স গাইডলাইন সংশোধনের (পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন) লক্ষ্যে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও পরিচালক মাহমুদুল হক। ওই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের প্রাতিষ্ঠানিক সুশাসন-সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশমালা চূড়ান্ত করে কমিশনে জমা দেয়। কমিটির সুপারিশের ভিত্তিতে এসইসি সংশোধিত নীতিমালাটি নীতিগতভাবে অনুমোদন করে।এদিকে এসইসির প্রকাশিত গেজেটে তালিকাভুক্ত কোম্পানির সাতটি ইস্যু পরিপালন বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো হলো, পরিচালনা পর্ষদ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিব, অডিট কমিটি, বহিরাগত নিরীক্ষক, সাবসিডিয়ারি কোম্পানি, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিএফওর দায়িত্ব এবং করপোরেট গভর্নেন্স পরিপালন-সংক্রান্ত প্রতিবেদন দাখিল।