করপোরেট গভর্নেন্স গাইডলাইনের নির্দেশনা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট সুশাসন নিশ্চিত করতে করপোরেট গভর্নেন্স গাইডলাইনের সংশোধনী-সম্পর্কিত নির্দেশনা জারি করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বুধবার এসইসির ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সংশোধিত করপোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালন করতে হবে।এর আগে গত ২৯ মে এসইসির নিয়মিত সভায় করপোরেট গভর্নেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা এসইসি।ওই দিন এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “করপোরেট গভর্নেন্স গাইডলাইনটি ‘কমপ্লাই অথবা এক্সপ্লেইন’ ভিত্তিতে এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলো পরিপালন করলেও এখন থেকে (কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পর) তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তা বাধ্যতামূলক পরিপালন করতে হবে।”বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে করপোরেট গভর্নেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনীটি জনমত জরিপ করা হয়। জনমত জরিপ শেষে আজ (২৯ মে) প্রস্তাবিত ওই সংশোধনীটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।নতুন এই গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানিকে পেশাদার অ্যাকাউন্ট্যান্ট বা সেক্রেটারির (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড সেক্রেটারি) কাছ থেকে করপোরেট গভর্নেন্স গাইডলাইনের শর্ত পরিপালনের সার্টিফিকেট বা নিবন্ধন সনদ গ্রহণ করে তা প্রতিবছর বার্ষিক প্রতিবেদনের সঙ্গে শেয়ারহোল্ডারদের প্রদান করতে হবে। এ ছাড়া গাইড লাইনের শর্ত পরিপালন করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কোম্পানির পরিচালকদের নির্ধারিত ফরমে এসইসিকে অবহিত করতে হবে।সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২সিসি ধারা বলে এসইসি এই নির্দেশনা জারি করেছে বলে নির্দেশনায় বলা হয়।এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, এর আগে করপোরেট গভর্নেন্স পরিপালনের কোনো বাধ্যবাধকতা ছিল না। এখন থেকে এটা পরিপালনে বাধ্যবাধকতা থাকায় কোম্পানিগুলোর পক্ষ থেকে প্রকাশিত তথ্যে গ্রহণযোগ্যতা বাড়বে। এতে বিনিয়োগকারীদের আস্থাও বেড়ে যাবে। ‘নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার’ বলে মন্তব্য করেন তিনি।এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে বলেন, যেকোনো কোম্পানির পরিচালনার জন্য করপোরেট গভর্নেন্স খুবই গুরুত্বপূর্ণ। এতে সব কোম্পানির পেশাদারিত্বের পরিচয় পাওয়া যায়। কোম্পানির ওপর শেয়ারহোল্ডারদের আস্থা আরও বেড়ে যাবে।প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স আরও যুগোপযোগী করার সিদ্ধান্ত নেয় এসইসি। এ লক্ষ্যে করপোরেট গর্ভনেন্স গাইডলাইনের পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধনের কার্যক্রম হাতে নেয় সংস্থাটি। ১৪ ফেব্রুয়ারি এসইসির কমিশন সভায় কোম্পানির করপোরেট গভর্নেন্স নীতিমালার খসড়া সংশোধনী চূড়ান্ত করা হয়।করপোরেট গভর্নেন্স গাইডলাইন সংশোধনের (পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন) লক্ষ্যে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও পরিচালক মাহমুদুল হক। ওই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের প্রাতিষ্ঠানিক সুশাসন-সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশমালা চূড়ান্ত করে কমিশনে জমা দেয়। কমিটির সুপারিশের ভিত্তিতে এসইসি সংশোধিত নীতিমালাটি নীতিগতভাবে অনুমোদন করে।