করপোরেট ফাইন্যান্স চালুতে একমত ডিএসই ও সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স ও আর্থিক বিবরণীর মানোন্নয়নে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) পৃথক করপোরেট ফাইন্যান্স বিভাগ চালুর ব্যাপারে একমত হয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উভয় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা এই মত দেন।বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, দুই স্টক এক্সচেঞ্জের প্রস্তাবিত করপোরেট ফাইন্যান্স বিভাগে আর্থিক বিশ্লেষক (ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট) ও পেশাগত হিসাবরক্ষক (প্রোফেশনাল অ্যাকাউন্ট্যান্ট) নিয়োগ দেওয়া হবে। তাঁরা তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির হিসাব-সংক্রান্ত বিষয় ও করপোরেট গভর্নেন্স বিষয়ে পরীক্ষা করবেন। একই সঙ্গে নিরীক্ষিত হিসাব বিবরণীতে এবং নিরীক্ষকদের কোনো অনিয়ম আছে কি না, তা প্রতি মাসে এসইসিকে অবহিত করবেন।আগামী আগস্ট মাসের মধ্যে এই কার্যক্রম চালু হবে বলে জানান সাইফুর রহমান। এতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বৈঠকে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, তিন সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন ও আরিফ খান, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদসহ দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত ছিলেন।সিএসইর সভাপতি জানান, করপোরেট গভর্নেন্স আরও শক্তিশালী এবং যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। দুই স্টক এক্সচেঞ্জই এই উদ্যোগকে স্বাগত জানায়।