করপোরেট সামাজিক দায়িত্ব বাড়তি ব্যয় নয়, বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট সামাজিক দায়িত্ব পালন, কোনো বাড়তি ব্যয় নয়। এটা একধরনের বিনিয়োগ। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও এসআর এশিয়া বাংলাদেশ আয়োজিত ‘টেকসই ব্যবসা ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক এক সম্মেলনে বক্তারা এই মত দিয়েছেন। তাঁরা বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে করপোরেট সামাজিক দায়িত্ব পালন করতে হবে, যাতে তাদের অর্থ ব্যয়ের ফলে সমাজে দীর্ঘমেয়াদি ও স্থায়ী প্রভাব পড়ে।ঢাকার মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আর অ্যান্ড জে গ্রুপের প্রধান পরমর্শক মফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিইএফের সভাপতি ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম, এশিয়ান প্রডাকটিভিটি অর্গানাইজেশনের বীরেন্দ্র রাতুরি, এসআর বাংলাদেশের এদেশীয় পরিচালক সুমাইয়া রশিদ, ন্যাশনাল প্রডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রডাকটিভিটি অর্গানাইজেশন ও এশিয়ান প্রডাকটিভিটি অর্গানাইজেশন সম্মেলনটি আয়োজনে সহায়তা করে।দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান বিশ্বে শুধু মুনাফা করাই ব্যবসার উদ্দেশ্য নয়; পাশাপাশি সামাজিক কল্যাণের বিষয়টিও ব্যবসায় অন্তর্ভুক্ত হয়েছে।শিল্পমন্ত্রী সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করে ব্যবসা করতে উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে বলেন, ব্যবসা থেকে যুক্তিসংগত মুনাফা অর্জন করতে হবে। তিনি মুনাফার সুফল সমাজের সুবিধাবঞ্চিত জনগণের কাজে লাগানোর তাগিদ দেন।ফজলুল হক বলেন, করপোরেট সামাজিক দায়িত্ব পালন শুধু করপোরেট সুশাসন, শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের প্রতি আচরণ, জনগোষ্ঠীর উন্নয়ন ও পরিবেশগত ব্যবস্থাপনা উন্নত করার জন্যই সহায়ক নয়; এর মধ্য দিয়ে শিল্পায়ন ত্বরান্বিত হয়, বৈশ্বিক বাজারসুবিধা পাওয়া যায়, একই সঙ্গে দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়ন ঘটানোও সম্ভব।মফিজুর রহমান বলেন, কোনো প্রতিষ্ঠান শুধু টাকা বিতরণ করলেই তা করপোরেট সামাজিক দায়িত্ব বলে বিবেচিত হবে না। এটা অবশ্যই একটা কাঠামোর মধ্যে হতে হবে।সৈয়দ আহসানুল আলম বলেন, সামাজিক প্রতিপালনের জন্য ক্রেতারা এখন বাংলাদেশকে নানাভাবে চাপ দিচ্ছে। এদেশীয় প্রতিষ্ঠানগুলো যদি তা পালন করতে সক্ষম না হয়, তাহলে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর চেয়ে তারা পিছিয়ে যাবে।