করপোরেট প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়াতে হবে।গতকাল শনিবার করপোরেট সুশাসনবিষয়ক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। এ লক্ষ্যে তাঁরা সংশ্লিষ্ট করপোরেট প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আনতে স্বতন্ত্র পরিচালক ও অডিট বা নিরীক্ষাপ্রতিষ্ঠানকে আরও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সেমিনারের আয়োজন করে। আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য আরিফ খান, পুঁজিবাজার বিশ্লেষক আখতার হোসেন সান্ন্যামাৎ, ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক মামুন রশীদ, আইসিএবির সভাপতি পারভিন মাহমুদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আইসিএবির সাবেক সভাপতি এ বি এম আজিজুদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম উদ্দিন।মাহবুবুর রহমান বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা দরকার। বলা হয়, যেকোনো কোম্পানির স্বতন্ত্র পরিচালকেরা স্বাধীনভাবে মত দিতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, তাঁদের পক্ষে কোনো প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের মতের বাইরে যাওয়া সম্ভব হয় না।’মাহবুবুর রহমান আরও জানান, নিরীক্ষাপ্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের প্রতিবেদন তৈরি করলে কর কর্তৃপক্ষ তা গ্রহণ করতে চায় না। তাই গ্রহণযোগ্য হয় এ ধরনের প্রতিবেদন তৈরি করা উচিত। প্রশ্ন হলো, বাংলাদেশের নিরীক্ষাপ্রতিষ্ঠানগুলোর কি সেই ধরনের প্রতিবেদন তৈরির সক্ষমতা রয়েছে?আরিফ খান বলেন, করপোরেট প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা শুধু বেসরকারি খাতের দায়িত্ব নয়, নিয়ন্ত্রক সংস্থারও দায়িত্ব রয়েছে। তিনি মত দেন, এখনো বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা করপোরেট ব্যবস্থার পরিপূরক হয়নি। তিনি বলেন, ‘আমাদের প্রয়োজনগুলো পূরণ করা উচিত, লোভগুলো নয়’। এ ছাড়া মহাত্মা গান্ধীর নীতিবাক্য ‘পরিশ্রম ছাড়া সম্পদ অর্জন নয়’ এমন উদাহরণ টেনে তিনি বলেন, সম্প্রতি শেয়ারবাজার থেকে মুনাফা তুলে নেওয়ার ক্ষেত্রে এই নীতি অনুসরণ করেনি করপোরেট প্রতিষ্ঠানগুলো।মামুন রশিদ অভিমত দেন, যেকোনো প্রতিষ্ঠানের বোর্ড সভায় কোম্পানি-সচিবের খুব একটা ভূমিকা থাকে না। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে করপোরেট সুশাসনের বিকল্প নেই।আখতার হোসেন সান্ন্যামাৎ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে উদ্যোক্তাদের পরিবারের সদস্যরাই পরিচালক হন। সেই পরিচালনা বোর্ডে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা থাকে না। যেকোনো সিদ্ধান্ত আগেই নেওয়া থাকে, বোর্ড সভা একধরনের আনুষ্ঠানিকতা মাত্র।এ বি এম আজিজুদ্দিন বলেন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা পেলে অর্থনীতি আরও সুসংহত হবে। ব্যবসা-বাণিজ্যে আরও স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে।মূল প্রবন্ধে সেলিম উদ্দিন জানান, ২০০২ সালে বিভিন্ন দেশের করপোরেট জগতের বিভিন্ন কেলেংকারি প্রকাশ পায়। মূলত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সুশাসনের অভাব ছিল বলে এ ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। তাঁর মতে, রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতির ওপর করপোরেট সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করে। তিনি তাঁর উপস্থাপনায় দেখান, দেশের প্রতিষ্ঠানগুলো গড়ে ৮৫ শতাংশ করপোরেট সুশাসনের সূচক মানছে।