করমুক্ত আয়সীমা ও কর অবকাশের মেয়াদ বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ও বিদ্যমান কর অবকাশ সুবিধার মেয়াদ বাড়ানোর সুপারিশ উঠে এসেছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের বাজেট প্রস্তাবে। দাবি উঠেছে আয়কর ট্রাইব্যুনালে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার।আবার প্রস্তাবিত নতুন আয়কর আইন চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ব্যাপকভিত্তিক মতবিনিময়ের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), ঢাকা চেম্বার এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের বাজেট প্রস্তাব পর্যালোচনায় এসব বিষয় জানা গেছে।করমুক্ত আয়সীমা: ব্যক্তিশ্রেণীর আয়করের ক্ষেত্রে বর্তমানে করমুক্ত আয়সীমা এক লাখ ৬৫ হাজার টাকা। তবে নারী করদাতা ও বয়স্ক নাগরিকদের (৬০ বছরের বেশি) ক্ষেত্রে এই সীমা এক লাখ ৮০ হাজার টাকা।এফবিসিসিআই ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ ২৫ হাজার টাকা ধার্য করার প্রস্তাব দিয়েছে। ঢাকা চেম্বারও একই রকম প্রস্তাব দিয়েছে।তবে নারী করদাতাদের ক্ষেত্রে এই সীমা আড়াই লাখ টাকা এবং বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের ক্ষেত্রে তিন লাখ টাকা ধার্য করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। এ ক্ষেত্রে ঢাকা চেম্বারও নারী করদাতাদের ক্ষেত্রে অনুরূপ প্রস্তাব দিয়েছে। তবে বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের ক্ষেত্রে এই সীমা দুই লাখ ৭৫ হাজার টাকা ধার্যের সুপারিশ করা হয়েছে।ঢাকা চেম্বারের ব্যক্তিশ্রেণীর সর্বোচ্চ আয়কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ ধার্যের প্রস্তাব দিয়েছে।এফবিসিসিআই বিদ্যমান স্তর পুরোটাই পুনর্বিন্যাসের সুপারিশ করেছে। এই সুপারিশ অনুযায়ী প্রথম দুই লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকাবে। এর পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ; তার পরবর্তী সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১৫ শতাংশ; তার পরবর্তী সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ২০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ২৫ শতাংশ হারে আয়কর আরোপের প্রস্তাব দিয়েছে। তবে ন্যূনতম করের পরিমাণ দুই হাজার টাকা অব্যাহত থাকবে বলে মত দেওয়া হয়েছে।করমুক্ত আয়সীমা বৃদ্ধির পক্ষে যুক্তি হিসেবে এফবিসিসিআই বলছে, গত চার বছরের ক্রমাগত মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে আয় স্তরের পুনর্বিন্যাস ও করহার পুনর্নির্ধারণ করা প্রয়োজন।আবার কর আহরণের ভিত্তি সম্প্রসারণ, দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা ও মাথাপিছু আয় বিবেচনায় এই প্রস্তাব যৌক্তিক বলে মনে করে এফবিসিসিআই।এ ছাড়া একজন করদাতার সাধারণ জীবন যাপনের জন্য বার্ষিক যে পরিমাণ ন্যূনতম অর্থের প্রয়োজন, সে পরিমাণ অঙ্ক করমুক্ত রাখলে কর ফাঁকির প্রবণতা কমে আসবে এবং কর প্রদানে সক্ষম জনগণ অধিক সংখ্যায় কর প্রদানে এগিয়ে আসবে বলে এফবিসিসিআই মনে করে।তবে করমুক্ত আয়সীমা বাড়ানোর বিষয়ে কিছু ভিন্নমতও আছে। এ ক্ষেত্রে যেটি বলা হয়, সেটি হলো, এই আয়সীমা অপরিবর্তিত রাখা হলে প্রতিবছরই অধিক হারে মানুষ এই সীমা অতিক্রম করে আয়করের আওতায় স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।কর অবকাশ: বিদ্যমান বিধান অনুসারে ২০০৮ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়কালে প্রতিষ্ঠিত নির্দিষ্টকৃত নতুন শিল্পপ্রতিষ্ঠানের আয় অবস্থানভেদে প্রতিষ্ঠার প্রথম দুই বা তিন বছর ১০০ শতাংশ আয় করমুক্ত; পরবর্তী দুই বা তিন বছর ৫০ শতাংশ আয় করমুক্ত এবং পরবর্তী এক বছর ২৫ শতাংশ আয় করমুক্ত থাকার সুবিধা পায়।এফবিসিসিআই ও ঢাকা চেম্বার উভয়েই কর অবকাশের এই সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠার সময়সীমা জুন, ২০১১ থেকে বাড়িয়ে জুন, ২০১৫ নির্ধারণের প্রস্তাব করেছে। অর্থাৎ আরও চার বছরের জন্য কর অবকাশ সুবিধা সম্প্রসারণের সুপারিশ করেছে বাণিজ্য সংগঠনগুলো।এর সপক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে অধিকতর আকর্ষণীয় করার কৌশল হিসেবে শতভাগ কর অবকাশব্যবস্থা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানো প্রয়োজন। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও স্থানীয় বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে উল্লেখ করেছে এফবিসিসিআই।তা ছাড়া কর অবকাশ বা করমুক্তির এই সুবিধা শিল্পোদ্যোক্তাদের কাছে প্রণোদনা হিসেবে কাজ করে। ফলে শিল্পায়ন ত্বরান্বিত হয়, অর্থনীতিতে গতি সঞ্চারিত হয়, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এফবিসিসিআই আরও বলছে, এটা প্রমাণিত সত্য যে কর অবকাশে সরকার যে পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়, তার চেয়ে অনেক বেশি লাভবান হয় শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে প্রাণসঞ্চারের কারণে।অন্যদিকে ঢাকা চেম্বার বলছে, আশপাশের বিভিন্ন দেশে দ্রুত শিল্পায়নের জন্য সরকারি পর্যায়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে শিল্পায়নের সব সুযোগ বিদ্যমান। বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) স্থাপিত শিল্পসমূহ ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা পায়।কিন্তু ইপিজেডের বাইরে স্থাপিত শিল্পসমূহ কর অবকাশ সুবিধা পায় না উল্লেখ করে ঢাকা চেম্বার এই বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে।নতুন আয়কর আইন: এফবিসিসিআইয়ের বাজেট প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান মোতাবেক আয়করে নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে আইনটি আবশ্যিকভাবে বাংলায় প্রণীত হতে হবে। আর তাই প্রস্তাবিত আয়কর আইন, ২০১১ বাংলায় প্রণীত খসড়ার ভিত্তিতে চূড়ান্ত করা অপরিহার্য।আবার প্রস্তাবিত নতুন আইনে বর্ণিত বিধিবিধানসমূহের আলোকে বিদ্যমান আয়কর আইনের অধীনে আয়কর ব্যবস্থাপনার ভারসাম্যপূর্ণ গতিশীলতা অব্যাহত রেখে বর্তমান আয়কর আইন সংস্কার করা যেতে পারে বলে মনে করে এফবিসিসিআই। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট আয়কর বিভাগ, এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রস্তাবিত আয়কর আইন প্রণয়ন ও পর্যালোচনা করা একটি আবশ্যিক প্রক্রিয়া বলে এফবিসিসিআই মনে করে।এ ছাড়া প্রস্তাবিত আয়কর আইন অনুসারে বেসরকারি খাতের সঙ্গে আলাপ-আলোচনা করেই সম্পদ করের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তাব করেছে এফবিসিসিআই।উল্লেখ্য, প্রস্তাবিত আয়কর আইনের খসড়ায় সম্পদ কর আরোপের কথা বলা হলেও শেষ পর্যন্ত তা থেকে কিছুটা সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্পদ করের বদলে সম্পত্তি কর আরোপ করার কথা বলা হয়েছে।অর্থাৎ শুধু জমি, বাড়ি ও ফ্ল্যাটের ওপর প্রতিবছর এই সম্পত্তি কর দিতে হবে। অবশ্য মালিক নিজে বসবাস করলে এবং একাধিক ফ্ল্যাট বা বাড়ি না থাকলে জমি, বাড়ি বা ফ্ল্যাটের ওপর কর আরোপ করা হবে না। আর ২০১২-১৩ অর্থবছরের বাজেট অধিবেশনে আইনটি পাস করা হবে।অন্যান: এফবিসিসিআই আয়কর ট্রাইব্যুনাল পুনর্গঠনের সুপারিশ করেছে। এ ক্ষেত্রে নিষ্পন্ন আয়কর-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এফবিসিসিআইয়ের প্রতিনিধি অন্তর্ভুক্তসহ আয়কর ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে।সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত আয়কর বিবরণীর কত অংশ (যেমন ১৫ শতাংশ বা ২০ শতাংশ) নিরীক্ষার জন্য চিহ্নিত করা যাবে, তা নির্দিষ্ট এবং চিহ্নিতকরণের পদ্ধতি সুস্পষ্টকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। ইচ্ছামাফিক বা একই ব্যক্তির আয়কর বিবরণীকে প্রতিবছর নিরীক্ষার আওতাভুক্ত করে গতানুগতিক কর নির্ধারণের প্রক্রিয়া অবলম্বনের তথা করদাতাদের হয়রানি বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।ব্যবসায় মোট মুনাফা (গ্রস প্রফিট) নির্ধারণের ক্ষেত্রে ব্যবসা বা পেশাগত আয় নির্ধারণের সময় গ্রস প্রফিট নির্ধারণ-সংক্রান্ত জটিলতা দীর্ঘকাল ধরে চলে আসছে। এই জটিলতা নিরসনকল্পেই জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের প্রতিনিধি সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছিল।এফবিসিসিআই বলছে, কমিটির প্রতিবেদনের আলোকেই মোট মুনাফা নির্ধারণকালে যেসব বিষয় বিবেচনায় আনতে হবে, তা বিধৃত করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তারা তা যথাযথভাবে আমলে নিচ্ছেন না বলে এফবিসিসিআই অভিযোগ করেছে। এটি দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে এফবিসিসিআই।