মূল্যস্ফীতি সমন্বয় করে ব্যক্তিশ্রেণীর করদাতার করমুক্ত আয়ের সীমা দুই লাখ টাকা নির্ধারণ করা যেত বলে মনে করে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল গতকাল বুধবার এ কথা বলেছেন। উল্লেখ্য, ২০১১-১২ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৮০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে মুস্তফা কামাল আরও বলেন, মূল্যস্ফীতির একটি কারণ হলো, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। প্রতি ডলার ৬৯ টাকা থেকে বেড়ে এখন ৭৫ টাকা হয়েছে।মুস্তফা কামাল দাবি করেন, দেশের অর্থনীতি এখন শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘জাতীয় অর্থনীতির সবচেয়ে ভালো সময় এখন।’ মুস্তফা কামালের মতে, সারা বিশ্ব যখন মন্দার কবলে রয়েছে, তখন বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ। এ ধারা অব্যাহত রেখে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে।কামাল আরও বলেন, বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে আমদানিকারকেরা যাদের কাছ থেকে পণ্য আমদানি করছেন, তাদের খণ্ডিত অংশ পরিশোধ কিংবা ছয় মাস বিলম্বে অর্থ পরিশোধের ব্যবস্থা করতে পারেন। তাতে হঠাৎ একসঙ্গে অনেক বৈদেশিক মুদ্রা বের হয়ে যাবে না। বিশেষত, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র আমদানিতে এ উদ্যোগ নেওয়া যায়। অন্যদিকে, বিদেশিদের কাছ থেকে অর্থসংস্থান করা না গেলে স্থানীয়ভাবে বড় প্রকল্পের অর্থায়ন না করে বিদেশি ঋণ নেওয়ারও চেষ্টা চালানো যায় বলে মনে করেন তিনি।মুস্তফা কামাল জানান, বর্তমানে ২২টি সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিবেচনা করা হয়। স্থায়ী কমিটি মনে করে, এ তালিকা আরও বাড়ানো উচিত। একই সঙ্গে আগামী অর্থবছরের বাজেট থেকেই সিএসআর কার্যক্রমের ওপর করহার কমিয়ে আস্তে আস্তে তা উঠিয়ে নেওয়া উচিত।অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি কর অবকাশসুবিধা বাড়িয়ে ২০১৫ সাল পর্যন্ত এবং তা সারা দেশে বিস্তৃতির প্রস্তাব করেছে।মুস্তফা কামাল বলেন, দুই কোটি টাকার বেশি সম্পদ থাকলে প্রস্তাবিত বাজেটে যে ১০ শতাংশ হারে সারচার্জ নির্ধারণের প্রস্তাব এসেছে, তা আরও আলোচনা করে আসা উচিত ছিল। মুস্তফা কামালআরও বলেন, এসব সম্পদ তো কর দেওয়া আয় থেকে হয়েছে। ফলে এ কর বসানোর প্রস্তাবটি ঠিক হবে না। কমিটি এ কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছে। কমিটি একই সঙ্গে মাছ ও হাঁস-মুরগির খামারের ওপর ৫ শতাংশ হারে কর প্রস্তাব পুনর্বিবেচনারও দাবি করে বলেছে, প্রয়োজনে সুনির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া যেতে পারে। কেননা, এসব ক্ষুদ্র উদ্যোগের হিসাবপত্র সেভাবে রাখা হয় না।