করমুক্ত আয়সীমা দুই লাখ টাকা নির্ধারণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করমুক্ত আয়সীমা বাড়িয়ে দুই লাখ টাকা নির্ধারণের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আয়করের আওতায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের আয় করযোগ্য না হলেও তাঁদের জন্য কমপক্ষে দুই হাজার টাকা নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে।বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বর্তমানে করযোগ্য আয় এক লাখ ৬৫ হাজার টাকা নির্ধারিত আছে। এই অঙ্ক দুই লাখ টাকায় উন্নীত এবং করের আওতাভুক্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের আয় করযোগ্য নয়, তাঁদের জন্য দুই হাজার টাকা বাধ্যতামূলক কর ধার্য করা হলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।’প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক আখ্যা দিয়ে মুস্তফা কামাল বলেন, বাজেটে সঞ্চয়পত্রের ওপর কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ সঞ্চিত টাকা বিনিয়োগে আগ্রহী হবেন। মুস্তফা কামাল আরও বলেন, বাজেটে মূল্য সংযোজন করের আওতা বাড়ানোর প্রস্তাবও ইতিবাচক। কমিটি মনে করে, একটি পণ্যের ওপর ভ্যাট আরোপ করা হলে তা অন্য পণ্যের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না। এ ছাড়া গতকাল সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গতকালের সভায় ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার নতুন আঙ্গিকে বাজেট বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করায় সভায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। সভাপতি ছাড়াও কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, মো. তাজুল ইসলাম, এম এ মান্নান এবং ফরিদা রহমান সভায় অংশ নেন। এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, অর্থসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।