ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হচ্ছে। বর্তমানে বার্ষিক আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হয় না। আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এই সীমা বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।
সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকায় উন্নীত করা হয়, যা দুই বছর ধরে বহাল রাখা হয়েছে। এখন আবার করমুক্ত আয়সীমা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
তবে এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় ভবিষ্যতে করমুক্ত আয়সীমা বৃদ্ধির একটি স্থায়ী রূপরেখা দিতে পারেন বলেও জানা গেছে। সম্প্রতি বাজেট-সংক্রান্ত পরামর্শক সভায় অর্থমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে করমুক্ত আয়সীমা বছরে ১০ হাজার ডলার। বহু বছর তিনি এই স্তরের মধ্যেই কর দিয়েছেন। তিনি আগামী বাজেটে এমন একটি করমুক্ত সীমা নির্ধারণ করে দিতে চান, যাতে বহু বছর তা বহাল থাকে।
এ সম্পর্কে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় এনে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা উচিত। প্রতিবছর না বাড়িয়ে মূল্যস্ফীতির সূচকভিত্তিক স্থায়ী পদ্ধতির মাধ্যমে এই সীমা বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে। এতে অল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন। তাঁর মতে, অল্প আয়ের মানুষের কাছ থেকে কর আহরণ করতে যে খরচ হয় এবং যে কর পাওয়া যায়, তাতে সরকারের পোষায় না।
করমুক্ত আয়সীমা দীর্ঘদিন অপরিবর্তিত রাখলে বেশি লোক করজালে ঢুকে পড়েন। কেননা মানুষের আয় বাড়লে তাঁরা করের আওতায় চলে আসবেন। যেকোনো দেশের কর প্রশাসন চায়, করমুক্ত আয়সীমা যেন বেশি দিন স্থির রাখা যায়। অবশ্য এতে সমস্যাও আছে। যেমন বেশি লোক করের আওতায় ঢুকে পড়লে কর ব্যবস্থাপনায় বেশি জনবল দরকার হয়। এতে খরচ বাড়ে। কেননা করমুক্ত আয়সীমার কিছুটা ওপরে থাকা করদাতাদের কাছ থেকে খুব বেশি করও পাওয়া যায় না।
এনবিআর সূত্রে জানা গেছে, পৌনে তিন লাখ টাকা করমুক্ত আয়সীমা হলে আনুপাতিক হারে আগের মতোই কর হার বসবে। পৌনে ৩ লাখ টাকার পরের ৪ লাখ টাকা আয়ের জন্য ১০ শতাংশ, তার পরের ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, এরপরের ৩০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্টাংশের জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।